নিউইয়র্ক অঙ্গরাজ্যে গাড়ির বিমা খরচ কমাতে বড় ধরনের সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোকুল। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট চুক্তির অংশ হিসেবে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে দ্রুত বাড়তে থাকা অটো ইন্স্যুরেন্স প্রিমিয়াম নিয়ন্ত্রণ, বিমা জালিয়াতি দমন এবং সাধারণ গ্রাহকদের আর্থিক স্বস্তি দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে প্রশাসন।
গভর্নরের কার্যালয় জানিয়েছে, বর্তমানে নিউইয়র্কে গাড়ির বিমা খরচ জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গড়ে একজন নিউইয়র্কবাসীকে বছরে প্রায় ৪ হাজার ডলার বিমা বাবদ ব্যয় করতে হয়, যা জাতীয় গড়ের চেয়ে প্রায় ১ হাজার ৫০০ ডলার বেশি। বিশেষজ্ঞদের মতে, ভুয়া দুর্ঘটনা, বিমা জালিয়াতি, আইনি ফাঁকফোকর এবং অতিরিক্ত মামলাজনিত ব্যয়ের কারণে এই খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
নতুন বাজেট চুক্তির আওতায় সরকার একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার কার্যকর করতে যাচ্ছে। এর মধ্যে দুর্ঘটনার সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চালকদের ক্ষতিপূরণের পরিমাণ সীমিত করার প্রস্তাব রয়েছে। বিমাবিহীন চালক, মাতাল অবস্থায় গাড়ি চালানো ব্যক্তি এবং গুরুতর অপরাধ সংঘটনের সময় দুর্ঘটনায় জড়িত চালকেরা এই সীমাবদ্ধতার আওতায় পড়বেন। এ ছাড়া ‘গুরুতর আঘাত’ কীভাবে সংজ্ঞায়িত হবে, তা স্পষ্ট করা হবে বলে জানানো হয়েছে। ফলে কেবল প্রকৃত গুরুতর আঘাতের ক্ষেত্রেই মানসিক কষ্ট বা শারীরিক যন্ত্রণার ক্ষতিপূরণ দাবি করা যাবে।
নতুন নিয়ম অনুযায়ী, দুর্ঘটনার জন্য প্রধানত দায়ী কোনো চালক অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। একই সঙ্গে বিমা কোম্পানিগুলো যাতে অযৌক্তিকভাবে প্রিমিয়াম বাড়াতে না পারে, সে জন্য আইনি সীমা নির্ধারণ এবং নিয়ন্ত্রক ব্যবস্থা জোরদার করার কথাও বলা হয়েছে। গভর্নর হোকুলের পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিসেসের অনুমোদন ছাড়া কোনো বিমা কোম্পানি প্রিমিয়াম বাড়াতে পারবে না। পাশাপাশি বাড়ির মালিকানা, পেশা, শিক্ষাগত যোগ্যতা বা জিপ কোডের মতো ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে বিমার হার নির্ধারণও নিষিদ্ধ করা হবে।
প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগ শুধু আইন সংস্কারে সীমাবদ্ধ থাকবে না। বিমা জালিয়াতি দমনে নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল সার্ভিস, নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব মোটর ভ্যাহিকলস, নিউইয়র্ক স্টেট ডিভিশন অব ক্রিমিনাল জাস্টিস সার্ভিস এবং নিউইয়র্ক স্টেট পুলিশ সমন্বিতভাবে কাজ করবে।
সিটিজেনস ফর অ্যাফোর্ডেবল রেটসের মুখপাত্র José Bayona এই উদ্যোগকে নিউইয়র্কবাসীর জন্য বড় বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাঙা ব্যবস্থা ও জালিয়াতির কারণে সাধারণ মানুষকে জাতীয় গড়ের প্রায় দ্বিগুণ বিমা ব্যয় বহন করতে হয়েছে। নতুন সংস্কার সাধারণ মানুষের পকেটে অর্থ ফেরাতে সহায়তা করবে এবং নিউইয়র্ককে আরও সাশ্রয়ী করে তুলবে। বিশ্লেষকদের মতে, নতুন এই বাজেট বাস্তবায়িত হলে নিউইয়র্কের লাখো চালক ভবিষ্যতে আর্থিকভাবে উপকৃত হতে পারেন এবং দীর্ঘদিনের উচ্চ বিমা ব্যয়ের চাপ কিছুটা হলেও কমতে পারে।
মন্তব্য করুন