চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এবারের আইপিএল নিলামে ৯.২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা। তবে উগ্র হিন্দুত্ববাদীদের আন্দোলনের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে মোস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই ঘটনা ক্রিকেটে রাজনীতির নেতিবাচক প্রভাব নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে, যা উঠে এসেছে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেনের সম্পাদক লরেন্স বুথের লেখায়।
লরেন্স বুথ তার বিশ্লেষণে উল্লেখ করেছেন যে, মোস্তাফিজকে বাদ দেওয়ার এই সিদ্ধান্তটি কেবল ক্রিকেটীয় কোনো কারণ ছিল না, বরং এর পেছনে গভীর রাজনৈতিক প্রতিক্রিয়া ও চাপের ইঙ্গিত রয়েছে। তার মতে, এই ঘটনাটি প্রমাণ করে যে বিশ্ব ক্রিকেট ক্রমশ রাজনৈতিক নিয়ন্ত্রণের কবলে চলে যাচ্ছে। মোস্তাফিজের এই বাদ পড়ার বিষয়টি আরও বড় ধরনের আন্তর্জাতিক ক্রিকেটীয় সংকটের জন্ম দিয়েছে।
ভারতে নিরাপত্তার ইস্যু সামনে এনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছিল। বাংলাদেশ চেয়েছিল তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে। তবে আইসিসি এই আবেদন নাকচ করে দেওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ে। অন্যদিকে, এই পরিস্থিতিতে সংহতি জানিয়ে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয়। লরেন্স বুথ এই পুরো পরিস্থিতির তুলনা করেছেন ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে, যেখানে ভারতের অনুরোধে ভেন্যু পরিবর্তন করে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল।
উইজডেন সম্পাদকের মতে, একই ধরনের পরিস্থিতিতে এক দেশের জন্য আলাদা সুবিধা বরাদ্দ করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা মানা হয়নি, যা আইসিসির দ্বিমুখী নীতি ও বৈষম্যমূলক আচরণেরই বহিঃপ্রকাশ। তিনি পাকিস্তানের বয়কটের হুমকিকে ‘হতাশাজনক ও আত্মঘাতী প্রতিক্রিয়া’ হিসেবে অভিহিত করলেও এটি যে ক্রিকেট অর্থনীতির ভঙ্গুরতাকে ফুটিয়ে তুলেছে, তা স্পষ্ট করেছেন।
সবশেষে লরেন্স বুথ কঠোর ভাষায় আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করে একে হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, খেলাধুলায় রাজনীতির এই প্রবল প্রভাবকে উপেক্ষা করার ফলেই মূল সমস্যাগুলো আরও জটিল হয়ে উঠছে। মোস্তাফিজুর রহমানের এই ঘটনাটি কেবল একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের বিষয় নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষমতা, রাজনীতি ও বৈষম্যের এক নগ্ন চিত্র বিশ্বের সামনে উন্মোচিত করেছে।
মন্তব্য করুন