
পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
এদিন দুপুরে দুবাইয়ে আরাভ খানের গ্রেফতারের গুঞ্জন নিয়ে দেশের কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
প্রতিমন্ত্রী বলেন, আমি এটুকুই বলতে পারি যে, বাংলাদেশের আসামি কোনো বন্ধু রাষ্ট্রে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয়ে না থাকে তাহলে কোনো কারণে মুক্ত থাকার পরিস্থিতি থাকে না।
তাহলে আরাভ কি গ্রেফতার হয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না সে (আরাভ খান) অ্যারেস্ট হয়নি। এটা এখনও আনফোল্ডিং, আপনারা সময় মতো জানতে পারবেন।
২০১৮ সালের ৭ জুলাই পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যার আসামি হওয়ার পর দেশ থেকে পালিয়ে যান রবিউল ইসলাম। প্রথমে ভারতে গিয়ে আরাভ খান নামে পাসপোর্ট নিয়ে দুবাইয়ে যান তিনি। সেখানে এখন বড় স্বর্ণ ব্যবসায়ী হয়ে উঠেছেন এই পলাতক আসামি। ১৫ মার্চ দুবাইয়ের নিউ গোল্ড সুকে জমকালো অনুষ্ঠানে আরাভ জুয়েলার্স নামে একটি গয়নার দোকানের উদ্বোধন করেন তিনি। ওই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদনজগতের অনেক তারকাকে হাজির করে গণমাধ্যমের আলোচনায় উঠে আসেন রবিউল ইসলাম। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তার বাবা একজন ভাঙারি ব্যবসায়ী।
মন্তব্য করুন