২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা হাতছাড়া হলেও বড় অঙ্কের অর্থ নিয়ে ঘরে ফিরেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টরা প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ৭৪ মিলিয়ন ইউরো প্রাইজমানি অর্জন করেছে।
নতুন কোচ জাবি আলনসোর অধীনে দুর্দান্ত শুরু করেছিল লস ব্লাঙ্কোস। শেষ ষোলোতে জুভেন্টাসকে হারিয়ে এবং কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে বিদায় করে সেমিফাইনালে ওঠে তারা। তবে ফাইনালের স্বপ্ন ভাঙে প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে ৪-০ গোলের হতাশাজনক পরাজয়ে। এই টুর্নামেন্টকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ২০২৪-২৫ মৌসুমের হতাশার পর দলকে নতুন করে সাজাতে বড়সড় বিনিয়োগ করেন তিনি। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও ডিন হুইসেনের মতো তারকাদের দলে ভেড়ানো ছিল তার কৌশলের অংশ।
যদিও আলনসোর নিয়োগ নিয়েও ছিল অভ্যন্তরীণ মতবিরোধ। কিছু বোর্ড সদস্য চেয়েছিলেন ক্লাব বিশ্বকাপ শেষে দায়িত্ব পাক তিনি, যাতে পূর্ণ প্রি-সিজনে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন।
মন্তব্য করুন