
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যাক্তি হিরো আলমকে নিয়ে মন্তব্য করলেন নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদ। তিনি হিরো আলমের উত্থানের জন্য রুচির দুর্ভিক্ষকে সামনে এনেছেন। সম্প্রতি তিনি বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত অভিনয় শিল্পী সংঘের অনুষ্ঠানে এ মন্তব্য করেন। মামুনুর রশিদ বলেন, এখন আমরা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে। এই উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান। এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, আবার তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও। তিনি আরো বলেন, কয়েকজন বলার পর খোঁজ নিয়ে জানতে পারি, সে যখন সংসদ নির্বাচন করছে, তাকে কেউ একটা গাড়ি দিচ্ছে। সেই গাড়ির আবার ৯-১০ বছর ধরে কোনো ফিটনেস নেই। তাকে নিয়ে অনেক দিনই আমি বিরক্ত ছিলাম। এ নিয়েও বিরক্ত ছিলাম, দেশের মানুষের তো রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে। উল্লেখ্য, প্রথমে মিউজিক ভিডিওতে মডেল হওয়ার মাধ্যমে যাত্রা করলেও আশরাফুল আলম ওরফে হিরো আলম বিভিন্ন ইস্যু নিয়ে প্রায় সময়ই আলোচনায় থাকেন। তিনি কখনো গান গাওয়া, সিনেমা নির্মাণ, কবিতা আবৃত্তি করা এবং নির্বাচনে অংশ নিয়েছেন। পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গান দিয়ে নতুন করে আবার আলোচনায় এসেছেন তিনি।
মন্তব্য করুন