মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে সিলেটের উপশহর-শিবগঞ্জ সড়কের বি ব্লকের ১৮ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
তবে হামলার বিষয়টি চার দিন পর মঙ্গলবার (১৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেয়েছে। সোয়েবের মাথা ও শরীরে আঘাতের কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশের পর নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এই ঘটনায় কারা জড়িত, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি সরব দেখা গেছে জাতীয় পার্টির নেতা আহমদ রিয়াজকে। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে হামলাকারীদের ছবি প্রকাশ করেছেন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও সোয়েবর পরিবার বলছে, কে বা কারা এবং কী কারণে তার ওপর হামলা চালিয়েছে, তা তারা এখনো নিশ্চিত নন।
সোয়েব আহমদের স্বজনরা জানান, শুক্রবার রাতে উপশহর-শিবগঞ্জ সড়কের বি ব্লকের ১৮ নম্বর সড়কে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি সোয়েব আহমদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাকে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করে সিএনজি অটোরিকশাযোগে তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে রাত প্রায় দুইটার দিকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার চিকিৎসা করানো হয়।
এ বিষয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোয়েব আহমদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে সোয়েব আহমদের ছোট ভাই বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল বলেন, কারা এই হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে এবং সবার দোয়ায় তিনি (সোয়েব আহমদ) এখন আশঙ্কামুক্ত এবং কিছুটা সুস্থ আছেন।
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিষয়টি প্রকাশ করতে চাননি তারা। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দেশ-বিদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিক্রিয়া দেখে পরিবার আবেগাপ্লুত। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মন্তব্য করুন