
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘের প্রতি কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রি শেখ হাসিনা। স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) বিকেলে কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রি বলেন, ‘যুদ্ধ যত দ্রুত শেষ হবে, ততই জনগণের জন্য মঙ্গলজনক।’বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
জাতিসংঘ মহাসচিব যত দ্রুত সম্ভব চলমান ইউক্রেন যুদ্ধের অবসানে বিশেষ উদ্যোগ নিতে পারেন জানিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধ থেকে লাভবান দেশগুলোর উচিত হবে এর প্রভাবে দুর্ভোগে পড়া দেশগুলোকে সহায়তা করা।’
এছাড়াও জাতিসংঘ মহাসচিব এবং শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে পঞ্চম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি ৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিতে বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন।
মন্তব্য করুন