বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে মার্কিন পাসপোর্ট ব্যবহারের নিয়ম আবারও স্মরণ করিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। বিদ্যমান মার্কিন আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশটিতে প্রবেশ এবং দেশ থেকে বের হওয়ার সময় বৈধ মার্কিন পাসপোর্ট ব্যবহার করতে হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী, কোনো ব্যক্তির অন্য দেশের নাগরিকত্ব বা বৈধ পাসপোর্ট থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশ ও প্রস্থানের ক্ষেত্রে এ নিয়মের পরিবর্তন হয় না। এটি নতুন কোনো আইন বা বিধিনিষেধ নয়; দীর্ঘদিন ধরে কার্যকর থাকা একটি আইনি বাধ্যবাধকতা। বাংলাদেশি-আমেরিকান নাগরিকদের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুই দেশের বৈধ পাসপোর্ট থাকলেও যুক্তরাষ্ট্রে যাতায়াতের সময় নিজেদের ইচ্ছামতো যেকোনো একটি পাসপোর্ট ব্যবহার করা যাবে না। মার্কিন নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং দেশটি ছাড়ার সময় তাদের মার্কিন পাসপোর্ট ব্যবহার করতে হবে।
তবে বাংলাদেশে প্রবেশ এবং বাংলাদেশ থেকে বের হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব ইমিগ্রেশন আইন ও পাসপোর্ট-সংক্রান্ত নিয়ম প্রযোজ্য হবে। এ কারণে আন্তর্জাতিক ভ্রমণের আগে উভয় দেশের প্রবেশ ও বহির্গমনসংক্রান্ত বিধান সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই নিয়ম মার্কিন নাগরিক শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো শিশু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক হলেও যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশটি ছাড়ার সময় তার বৈধ মার্কিন পাসপোর্ট প্রয়োজন হবে।
দ্বৈত নাগরিকদের জন্য ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন বা ESTA নিয়েও বিশেষ নির্দেশনা রয়েছে। মার্কিন নাগরিকরা অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে ESTA বা মার্কিন ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুবিধা নিতে পারবেন না। কোনো দ্বৈত নাগরিকের ESTA আবেদন শনাক্ত হলে সেটি প্রত্যাখ্যান বা বাতিল হতে পারে।
এ কারণে আন্তর্জাতিক ভ্রমণের আগে দ্বৈত নাগরিকদের নিজেদের পাশাপাশি সন্তানদের মার্কিন পাসপোর্টের মেয়াদ পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে কিংবা ভ্রমণের জন্য প্রয়োজনীয় সময় পর্যন্ত বৈধতা না থাকলে আগেভাগেই তা নবায়ন করে নেওয়া উচিত। মার্কিন কর্তৃপক্ষের এই নির্দেশনার মূল বিষয় হলো, দ্বৈত নাগরিকত্ব থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে দেশটিতে প্রবেশ ও দেশটি ছাড়ার সময় বৈধ মার্কিন পাসপোর্ট ব্যবহার করতে হবে।
মন্তব্য করুন