গত ৫ জুলাই রোজ রবিবার মিশিগানের হারিসন টাউনশিপের মেট্রো পার্কে হবিগঞ্জ জেলা এসোসিয়েশন অব মিশিগান ইউএস-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনমালার মধ্যে ছিল পুরুষ, মহিলা, শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজনের শুভ উদ্বোধন, মধ্যাহ্ন ভোজ এবং র্যাফেল ড্রতে গাড়ি ও টিভিসহ আকর্ষণীয় পুরস্কার।
সেই সাথে বিশ্বকাপ ফুটবলের ব্রাজিল বনাম নরওয়ের ম্যাচ সরাসরি বড় টিভি পর্দায় সবাইকে মাতিয়ে তোলে। এসোসিয়েশনের সভাপতি মো. নুর মিয়া ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন এবং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উদযাপন কমিটির আহ্বায়ক শেখ তাজ উদ্দীন, সদস্য সচিব মোহাম্মদ খালেদ, অশোক দাস ও রিভু চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান সাহিন বনভোজনে আগত অতিথিবৃন্দ ও হবিগঞ্জবাসীসহ উপস্থিত সবাইকে বনভোজনে শুভেচ্ছা ও স্বাগত জানান।
পরে জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বনভোজনে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা এই মিলনমেলায় একে অন্যের সাথে কুশল বিনিময়, আড্ডা, খোশগল্প ও হাসি-খুশিতে মেতে ওঠেন সবাই। সমাপনীতে অনুষ্ঠানের অতিথিবৃন্দসহ এসোসিয়েশনের উপদেষ্টাবৃন্দ, উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং ক্রীড়া প্রতিযোগিতা ও র্যাফেল ড্রতে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন। এসোসিয়েশনের সভাপতি মো. নুর মিয়া ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দর হয়েছে জেনে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, মিশিগানে দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলা এসোসিয়েশন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন ও জাতীয় দিবসসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক অনুষ্ঠান পরিচালনা করে আসছে। তারা এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য অনুরোধ জানান। এছাড়া যাদের অক্লান্ত প্রচেষ্টা, সাহায্য ও সহযোগিতায় বনভোজন সফল ও সার্থক হয়েছে, সবাইকে আবারও ধন্যবাদ জানান। এতে মিশিগানের বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন