মাত্র পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে আবুল হাশিম (৪২) নামে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৩ জুলাই) সকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের কাছে কাসা গ্রান্দে এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে দুই বাংলাদেশি নিহত হলেন।
নিহত আবুল হাশিম কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুলফিকার আহমেদের পুত্র। ব্যক্তিগত জীবনে হাশিম এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, কাসা গ্রান্দে শহরের সানল্যান্ড জিন রোড এবং ওয়েস্ট কংকোর্ডিয়া ড্রাইভের সানলাইট মার্কেটে দীর্ঘ ১৮ বছর ধরে ব্যবসা করতেন হাশিম। তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকেই তাকে গুলি করে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে মেঝেতে হাশিমের নিথর দেহ পড়ে থাকতে দেখে। হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে দোকানে ঢুকে তাকে লক্ষ করে গুলি ছুঁড়ে দুর্বৃত্তরা। ঘটনার ঘণ্টা তিনেকের মধ্যে ঘাতক হিসেবে সন্দেহভাজন এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।
এদিকে মঙ্গলবার (২৫ জুলাই) আবুল হাশিমের হত্যার ঘটনা নিয়ে টুইট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। টুইটে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে গত পাঁচ দিনে দুজন বাংলাদেশি নিহত হওয়ার খবরে আমরা আতঙ্কিত। সর্বশেষ শিকার হলেন আবুল হাশিম।’
আবুল হাশিমের পরিবার সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রেই তাঁর দাফন সম্পন্ন হবে। ৭ ভাইবোনসহ স্ত্রী, শিশু পুত্র-কন্যা ও মা-বাবা সবাইকে নিয়ে একই শহরে বসবাস করতেন হাশিম।
উল্লেখ্যে, গত ১৮ জুলাই দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে দুর্বৃত্তের গুলিতে মারা যান বাংলাদেশি ইয়াজউদ্দিন আহম্মদ (২৩)।
মন্তব্য করুন