যুক্তরাষ্ট্রে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় নাগরিকত্ব বা বৈধ অভিবাসন-অবস্থা সম্পর্কে ঘোষণা দেওয়ার প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি চূড়ান্ত হলে ২০২৬ করবর্ষের রিটার্নে নির্দিষ্ট ফেরতযোগ্য কর-সুবিধা পাওয়ার যোগ্যতা যাচাইয়ের অংশ হিসেবে এ তথ্য দিতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ও অভ্যন্তরীণ রাজস্ব সংস্থা বা আইআরএসের প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট ফেরতযোগ্য কর-সুবিধা দাবি করা করদাতাকে ঘোষণা করতে হবে যে তিনি মার্কিন নাগরিক, মার্কিন নাগরিকত্বপ্রাপ্ত ব্যক্তি বা ফেডারেল আইনে নির্ধারিত যোগ্য অভিবাসী। এই ঘোষণা মিথ্যা হলে শপথভঙ্গের দায় প্রযোজ্য হতে পারে।
প্রস্তাবিত নিয়মটি আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আমেরিকান অপরচুনিটি ট্যাক্স ক্রেডিট এবং অ্যাডপশন ট্যাক্স ক্রেডিটের ফেরতযোগ্য অংশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ট্রেজারি ও আইআরএসের মতে, ফেডারেল আইনে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে এসব কর-সুবিধার ফেরতযোগ্য অংশ পাওয়ার অধিকার নির্ধারণ করাই এই ব্যবস্থার উদ্দেশ্য।
আইআরএস ও ট্রেজারি বিভাগের হিসাব অনুযায়ী, ২০২৬ করবর্ষে প্রায় ৪ কোটি ৯০ লাখ ফেডারেল আয়কর রিটার্নে এসব কর-সুবিধার অন্তত একটি দাবি করা হতে পারে। এর মধ্যে প্রায় ২ কোটি ৪০ লাখ রিটার্নে এমন কর-সুবিধা থাকতে পারে, যার ফেরতযোগ্য অংশ ফেডারেল পাবলিক বেনিফিট হিসেবে বিবেচিত হবে। প্রস্তাবিত নিয়ম কার্যকর হলে আনুমানিক ২ লাখ থেকে ৭ লাখ করদাতা এসব ফেরতযোগ্য সুবিধা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হতে পারেন।
প্রস্তাব অনুযায়ী, করদাতার যোগ্যতা নির্ধারণ করা হবে সংশ্লিষ্ট কর-সুবিধা দাবি করে প্রথমবার ফেডারেল আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখে। যৌথভাবে রিটার্ন জমা দেওয়া দম্পতির ক্ষেত্রে অন্তত একজন স্বামী বা স্ত্রী মার্কিন নাগরিক, মার্কিন নাগরিকত্বপ্রাপ্ত ব্যক্তি অথবা যোগ্য অভিবাসী হলে ফেরতযোগ্য অংশ পাওয়ার সুযোগ থাকবে।
এদিকে প্রস্তাবটি নিয়ে অভিবাসী অধিকারকর্মী ও গোপনীয়তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, করব্যবস্থার সঙ্গে অভিবাসন-সংক্রান্ত তথ্য যুক্ত হলে অনথিভুক্ত অভিবাসীদের মধ্যে কর রিটার্ন জমা দেওয়ার বিষয়ে অনীহা বাড়তে পারে। প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। আইআরএস ও ট্রেজারি বিভাগ এ বিষয়ে জনসাধারণের মতামত নিচ্ছে। লিখিত মতামত জমা দেওয়ার শেষ তারিখ ৫ অক্টোবর এবং প্রস্তাবিত নিয়ম নিয়ে জনশুনানি ১৪ অক্টোবর ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
মন্তব্য করুন