ক্যালিফোর্নিয়ায় চন্দ্র নববর্ষ উদযাপনকালে এক বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছে।আহত হয়েছে আরো ১০ জন। জানা গেছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লস এঞ্জেলেস-এলাকার একটি বলরুম ডান্স ক্লাবে গত ২১ জানুয়ারি রাত আনুমানিক ১০টা ২২ মিনিটের দিকে মন্টেরে পার্ক শহরের ওয়েস্ট গার্ভে অ্যাভিনিউয়ের ১০০ ব্লকে চীনা চান্দ্র নববর্ষের অনুষ্ঠানে এ ঘটনাটি ঘটেছে।
ঐ এলাকাটিতে এশিয়ান সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি। ধারণা করা হচ্ছে, তাদের লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। চান্দ্র নববর্ষ উপলক্ষ্যে সেখানে দু’দিনের উৎসব চলছিল। ওই উৎসবে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিলেন। ঘটনার সময় অতর্কিত হামলা চালায় এক অস্ত্রধারী। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে কীনা, জানা যায়নি । এমনকি কী কারণে অনুষ্ঠানের আমেজের মাঝেই আচমকা এই বন্দুকধারীর হামলা, পরিষ্কার হয়নি তাও। পুলিশ তদন্ত শুরু করেছে।
মন্টেরে পার্কে উদযাপনটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বৃহত্তম চন্দ্র নববর্ষের একটি অনুষ্ঠান। দুই দিনের উৎসবের পরিকল্পনা করা হয়েছিল কিন্তু কর্মকর্তারা শুটিংয়ের পরে রবিবারের অনুষ্ঠান বাতিল করে।
সূত্র: এপি নিউজ/লস অ্যাঞ্জেলেস টাইমস/দি ডেট্রয়েট নিউজ
মন্তব্য করুন