যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ হ্যাকাররা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাতে শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় কৌশলগত পরিকল্পনা, কর্মীদের তথ্য এবং সরবরাহব্যবস্থাসংক্রান্ত বিপুল সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়তে পারে।
দুই সূত্র জানায়, গত এক মাসের মধ্যে প্ল্যাটফর্মটিতে কারিগরি উন্নয়নের কাজ চলার সময় অনুপ্রবেশ ধরা পড়ে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের পুরো পরিসর কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। একটি সূত্রের ভাষ্য, হামলাকারীরা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমের নিয়ন্ত্রণ স্তরে (কন্ট্রোল প্লেন) ঢুকেছে। তাত্ত্বিকভাবে এই স্তরে প্রবেশ করতে পারলে সামরিক উড়োজাহাজের কার্যক্রম বা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব। তবে হ্যাকাররা এমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়। ঠিক কোন সফটওয়্যারের দুর্বলতা ব্যবহার করা হয়েছে, তাও জানা যায়নি।
ঘটনার পর প্ল্যাটফর্মটির কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। প্রশাসনিক অ্যাপ্লিকেশন ক্লাউড ওয়ানে সরিয়ে নেওয়ার কাজ স্থগিত রাখা হয়েছে, আর চালু অ্যাপ্লিকেশনগুলোর আপডেটও বন্ধ। ফলে নতুন প্রকাশিত গুরুতর সফটওয়্যার দুর্বলতাগুলো সারাতে পারছেন না বিমানবাহিনীর কর্মীরা। কয়েকজন ব্যবহারকারীর অ্যাডমিন অ্যাক্সেসও বাতিল করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার কমান্ডের সহায়তা নিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।
রয়টার্সকে দেওয়া বিবৃতিতে বিমানবাহিনী বলেছে, তারা নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক বা সিস্টেমের নিরাপত্তা নিয়ে মন্তব্য করে না, তবে তথ্য ও সিস্টেম সুরক্ষায় নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নেয়। সাইবার কমান্ড ও আগের সরবরাহকারী প্রতিষ্ঠান এসএআইসি কোনো জবাব দেয়নি। বর্তমান সরবরাহকারী লেইডোস বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেছে।
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানে মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রযুক্তি একত্র করা হয়েছে। এর মাধ্যমে কর্মীদের তথ্য, বেতন, সরবরাহ ও রক্ষণাবেক্ষণসহ বহু কাজ চলে। এখানে রয়েছে উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা রাডারের তথ্য সমন্বয়ের ব্যবস্থা এবং বিশ্বের ২০০টির বেশি স্থানে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখার ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’।
রয়টার্সের সঙ্গে কথা বলা পাঁচ সূত্রই নাম প্রকাশ করেননি। একজন বলেছেন, “এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বেশ গুরুতর।” সম্প্রতি এফবিআই, পেন্টাগন, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, গোয়েন্দা সংস্থা ও অর্থ মন্ত্রণালয়সহ অন্তত ছয়টি সাইবার হামলার ঘটনা সামলাতে হচ্ছে মার্কিন সরকারকে। এর মধ্যেই এল বিমানবাহিনীর এই খবর।
মন্তব্য করুন