যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। রিপাবলিকান প্রার্থীদের পরাজয়ের পর নির্বাচনি প্রচারে অর্থ ব্যয় নিয়ে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানিয়েছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে ভার্চুয়ালি অংশ নিয়ে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্ক বলেন, এত অর্থ ব্যয় করেও তেমন কিছু অর্জন করতে না পারায় নিজেকে ‘বেশ বোকা’ মনে হচ্ছে।
তিনি বলেন, তার অর্থায়ন না থাকলে রিপাবলিকান প্রার্থীদের ফলাফল আরও খারাপ হতে পারত। তবে এবারের নির্বাচনের ফলাফল দেখিয়েছে, প্রচারে বিপুল অর্থ ব্যয় করলেই নির্বাচনে জয় নিশ্চিত করা যায় না। মাস্কের ভাষায়, সময়টা যদি আবার ফিরিয়ে নিতে পারতাম, তাহলে সম্ভবত কম অর্থ ব্যয় করতাম। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনি প্রচারে সহায়তা এবং টেক্সাসে দলটির নিয়ন্ত্রণ ধরে রাখার প্রচেষ্টায় প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন মাস্ক। টেসলা, স্পেসএক্স ও তাদের যৌথ পরিকল্পিত চিপ উৎপাদন প্রকল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র টেক্সাস।
এবারের নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেই জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। টেক্সাসে রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। এই ফলাফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাস্ক। টেক্সাসের সিনেট নির্বাচনেও বিশেষ নজর ছিল মাস্কের। সেখানে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর রিপাবলিকান পার্টির সমর্থকগোষ্ঠী থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখার চেষ্টা করছেন মাস্ক।
তিনি বলেন, ‘আমি মাগা সমর্থক নই।’ ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনকে সংক্ষেপে মাগা বলা হয়। মাস্কের মতে, রিপাবলিকান পার্টির নির্দিষ্ট কিছু নীতির প্রতি অন্ধ আনুগত্যের অর্থ হলে তিনি মাগা সমর্থক নন। তবে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এর আগে মাস্ক নিজেকে মাগা সমর্থক, এমনকি ‘ডার্ক গথিক মাগা’ বলেও পরিচয় দিয়েছেন। মাস্ক বলেন, উভয় দলেই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। নিজের নির্বাচনি প্রচেষ্টার ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, স্পষ্টতই আমার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
টেক্সাসে জিনা হিনোজোসার অধীনে নীতিনির্ধারণী কার্যক্রম ভালোই থাকবে বলে মনে করেন মাস্ক। হিনোজোসাকে তিনি মধ্যপন্থি হিসেবে উল্লেখ করে বলেন, তিনি চরম বামপন্থি নন। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, হিনোজোসা টেক্সাসে নতুন ডেটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে। এদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিজের পরিকল্পনার বিষয়ে মাস্ক বলেন, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক স্পেসএক্সের কাছ থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়া অব্যাহত রাখার সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটি এ সক্ষমতা আরও বাড়াতে চায়। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অ্যানথ্রপিক স্পেসএক্সের কাছে অতিরিক্ত ১০ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা চাইতে পারে। মাস্কের মতে, এটিই সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি।
সূত্র: আল জাজিরা
মন্তব্য করুন