যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পশ্চিমা বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের সুরক্ষাবাদ ও একতরফা পদক্ষেপের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন সি। অন্যদিকে পুতিনের দাবি, নানা চেষ্টা করেও পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতি ধ্বংস করতে পারেনি। চীনের শেনঝেনে আজ বুধবার শুরু হয়েছে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) ৩৩তম সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনেই পশ্চিমা বাণিজ্যনীতি ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন সি ও পুতিন। এর কয়েক ঘণ্টা পর সম্মেলনে যোগ দিতে শেনঝেনে পৌঁছান ট্রাম্প।
আজ বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইউক্রেন ও ইরান যুদ্ধ, আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং পারমাণবিক অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বিশ্বের তিন পরাশক্তির সম্ভাব্য সমঝোতায় নিজেদের স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কা করছে ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ।
সুরক্ষাবাদ ঠেকানোর অঙ্গীকার সির
এপেকের ব্যবসায়ী সম্মেলনে দেওয়া বক্তব্যে অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের পক্ষে অবস্থান নিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্র করে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সি বলেন, চীন শুল্ক কমানোর পাশাপাশি নিজেদের বাজার আরও উন্মুক্ত করবে। শিল্প ও নতুন প্রযুক্তিতে বিনিয়োগও অব্যাহত রাখবে বেইজিং। একই সঙ্গে পশ্চিমাদের সুরক্ষাবাদ ও একতরফা পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
এমন এক সময়ে সির এই বক্তব্য এল, যখন এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার চিপ চীনে রপ্তানির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিংও। এতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান নাজুক বাণিজ্য সমঝোতা আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে চীনের বাণিজ্যনীতি নিয়ে পশ্চিমা দেশগুলোরও আপত্তি রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিযোগ, উৎপাদন খাতে চীনা সরকারের ব্যাপক সহায়তা তাদের নিজস্ব শিল্প ও কর্মসংস্থানের জন্য হুমকি তৈরি করছে। পাশাপাশি বৈশ্বিক সরবরাহব্যবস্থায় চীনের আধিপত্য নিয়েও উদ্বেগ রয়েছে তাদের।
পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ, দাবি পুতিনের
সির বক্তব্যের পর পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে। পুতিনের দাবি, নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ কোনো দেশের অর্থনীতিতে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তবে এসব পদক্ষেপ দিয়ে প্রতিদ্বন্দ্বী দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি থামানো কিংবা পুরো অর্থনীতি ধ্বংস করা সম্ভব নয়।
অন্যদিকে শেনঝেনে অবস্থানরত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইউক্রেন যুদ্ধ যত দিন চলবে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার চাপও তত বাড়তে থাকবে। এদিকে সি চিন পিং ও ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর দুই নেতার মধ্যে এটি পঞ্চম বৈঠক। রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক সংস্থার প্রধান দিমিত্রি শুগায়েভ জানিয়েছেন, চীনের সঙ্গে রাশিয়ার সহযোগিতা নতুন পর্যায়ে পৌঁছেছে। উড়োজাহাজ ও ইঞ্জিন নির্মাণ, মহাকাশ গবেষণা, আকাশ প্রতিরক্ষা এবং নৌ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে ব্যাপক সহযোগিতা রয়েছে।
ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে সি
আজ শেনঝেন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। এ সময় দুই নেতা পরস্পরকে আলিঙ্গন করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর কোনো সফররত নেতাকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাওয়ার ঘটনা সির ক্ষেত্রে এটিই প্রথম। তবে এই সৌজন্যপূর্ণ পরিবেশের মধ্যেও তিন নেতার সম্ভাব্য বৈঠক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিকে ওয়াশিংটনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল, তিন নেতার আলোচনায় ইউক্রেন যুদ্ধের বিষয়টি থাকবে না। তবে পরে ট্রাম্প নিজেই জানিয়েছেন, আলোচনায় ইউক্রেন প্রসঙ্গ আসবে।
ট্রাম্পের এই মন্তব্যের পর ইউক্রেন ও ইউরোপকে পাশ কাটিয়ে দেশটির ভবিষ্যৎ নিয়ে বড় শক্তিগুলোর মধ্যে কোনো সমঝোতা হতে পারে কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তিন পরাশক্তির নেতাদের এই বৈঠককে ঘিরে ১৯৪৫ সালের ঐতিহাসিক ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গও সামনে এসেছে। তবে ক্রেমলিন এই তুলনাকে ‘রাষ্ট্রবিজ্ঞানীদের খেলা’ বলে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে বেইজিংয়ের দাবি, এ ধরনের বৈঠক বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এর আগে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাদা বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল জানিয়েছেন, বহুপক্ষীয় এই আয়োজনের মধ্যে দুই নেতার পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় বৈঠকের জন্য পর্যাপ্ত সময় বা সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।
সুত্রঃ রয়টার্সও এএফপি
মন্তব্য করুন