চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো একসঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে।আগামী ১৮ ও ১৯ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ট্রাম্পের অংশ নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে, তিন নেতার আলোচনায় পরমাণু অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি গুরুত্ব পাবে।বিশ্বজুড়ে নানা উত্তেজনার মধ্যে এই বৈঠক হতে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধ, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত এবং চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধ।
যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মাবন আল-জাজিরাকে বলেন, এই বৈঠকে তিন নেতার একসঙ্গে ছবি তোলার মতো কিছু দৃশ্য দেখা যেতে পারে। পাশাপাশি ট্রাম্পের কাছ থেকে বড় বড় বক্তব্যও শোনা যেতে পারে। তবে তাঁর মতে, এই তিন নেতা একসঙ্গে বা আলাদাভাবে ইরান কিংবা ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারবেন, এমন সম্ভাবনা কম। তাহলে এই বৈঠক থেকে তিন নেতা কী চান? কোন বিষয়গুলো আলোচনায় আসতে পারে? আর এর মাধ্যমে বিশ্বরাজনীতিতে নতুন কোনো পরিবর্তন আসবে কি?
নতুন পরমাণু চুক্তি নিয়ে আলোচনা
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জন্য বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো নিউ স্টার্ট পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি। গত ফেব্রুয়ারিতে এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ২০১০ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে দুই দেশের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত রাখার নিয়ম করা হয়েছিল। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। তৃতীয় অবস্থানে থাকা চীনও দ্রুত তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর রাশিয়া এটি বাড়ানোর প্রস্তাব দেয়। কিন্তু ট্রাম্প তাতে রাজি হননি। তিনি বরং চীনকে অন্তর্ভুক্ত করে নতুন একটি আধুনিক পরমাণু চুক্তি করার কথা বলেছেন। তবে চীন এই চুক্তিতে যোগ দিতে আগ্রহী নয়। দেশটির বক্তব্য, চুক্তি তৈরিতে তাদের কোনো ভূমিকা না থাকলে এতে যোগ দেওয়া যুক্তিসংগত নয়। ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আলোচনার শুরুতেই পরমাণু অস্ত্রের বিষয়টি আসতে পারে। তবে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কম।
ইরান যুদ্ধ নিয়ে আলোচনা
তিন নেতার বৈঠকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। বর্তমানে বড় ধরনের হামলা বন্ধ থাকলেও সংঘাতের কোনো স্থায়ী সমাধান হয়নি। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। এই পথে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় তেল ও গ্যাসের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।
যুদ্ধের আগে চীনের অপরিশোধিত তেলের প্রায় এক-তৃতীয়াংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। ফলে সংঘাতের কারণে চীনও জ্বালানি সরবরাহ নিয়ে সমস্যায় পড়েছে। একই সঙ্গে চীনের রপ্তানি পণ্যের চাহিদাও কমছে। অন্যদিকে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রাশিয়া কিছুটা লাভবান হয়েছে। বিশেষ করে ডিজেল রপ্তানির ক্ষেত্রে দেশটি সুবিধা পেয়েছে।
চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিরোধ
বাণিজ্যযুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় মাইক্রোচিপ নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।গত বছর চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক বসায় চীন। এ ছাড়া উন্নত প্রযুক্তি তৈরিতে প্রয়োজনীয় বিরল খনিজ পদার্থ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে বেইজিং। এতে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হয়।
পরে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও সি চিন পিংয়ের বৈঠকের পর দুই দেশ শুল্ক কমাতে এবং কয়েকটি বিষয়ে সমঝোতায় পৌঁছাতে সম্মত হয়। তবে সম্প্রতি এনভিডিয়া প্রতিষ্ঠানকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ওপর গুপ্তচরবৃত্তি করেছে। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে।
ইউক্রেন যুদ্ধ কি আলোচনায় আসবে?
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, তিন নেতার বৈঠকে ট্রাম্প ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিষয়টি তুলবেন না। তবে এর আগে ক্রেমলিনের কর্মকর্তারা বলেছিলেন, বৈঠকে এই যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে,চীন বরাবরই বলে আসছে, ইউক্রেন যুদ্ধ মূলত ইউরোপের বিষয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ইউক্রেন ও রাশিয়া সফর করছেন।
ট্রাম্পের অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধ বন্ধ করতে চান না। অন্যদিকে ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট সংযোগ সীমিত করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনের হামলার কারণে রাশিয়ার তেল স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ডিজেলের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন ট্রাম্প। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন ট্রাম্প। রাশিয়ার ডিজেল বিশ্ববাজারে প্রবেশের সুযোগ দেওয়ার পাশাপাশি দেশটির ওপর থেকে কিছু তেলসংক্রান্ত নিষেধাজ্ঞাও শিথিল করেছেন তিনি।
পুতিনের প্রত্যাশা কী?
বিশ্লেষকদের মতে, এই বৈঠক পুতিনের জন্য বড় একটি সুযোগ। এর মাধ্যমে তিনি বিশ্বনেতাদের সামনে নিজের রাজনৈতিক প্রভাব ও অবস্থান তুলে ধরতে পারবেন। মস্কোভিত্তিক সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আলেকজান্ডার ব্রাতেরস্কি আল-জাজিরাকে বলেন, এই বৈঠক পুতিনকে অন্য দুই নেতার সমমর্যাদার একজন গুরুত্বপূর্ণ বিশ্বনেতা হিসেবে তুলে ধরবে। এ ছাড়া ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হলেও বিশ্বরাজনীতিতে রাশিয়ার প্রভাব এখনো রয়েছে, সেটিও দেখানোর সুযোগ পাবেন পুতিন।
চীনের লক্ষ্য কী?
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধে চাপ দিয়ে আসছে চীন। কারণ, এই সংঘাতের কারণে দেশটির জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে প্রভাব পড়ছে। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে নতুন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দিতে চায় না বেইজিং। গত মাসে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ত্রিপক্ষীয় পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনায় চীনকে যুক্ত করার প্রস্তাব ন্যায্য বা বাস্তবসম্মত নয়। অর্থাৎ, চীন নিজের স্বার্থ ও অবস্থান বজায় রেখেই এই বৈঠকে অংশ নিতে চায়।
ট্রাম্প কী অর্জন করতে চান?
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মতে, এই বৈঠকে ট্রাম্পের অন্যতম লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াকে নিয়ে নতুন একটি পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করা। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস জানিয়েছেন, ট্রাম্প বিশ্বে পরমাণু অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করতে চান। তাঁর মতে, এসব অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক। এ ছাড়া ইরান যুদ্ধ নিয়েও নিজের কূটনৈতিক অবস্থান তুলে ধরতে পারেন ট্রাম্প। ইরান এখনো যুক্তরাষ্ট্রের দাবি মেনে নিতে রাজি হয়নি। এমন পরিস্থিতিতে বিশ্বের দুই প্রভাবশালী নেতা পুতিন ও সি চিন পিংয়ের সঙ্গে একই টেবিলে বসা ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ।
বিশ্লেষকদের মতে, পুতিন ও সি চিন পিংয়ের পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার চেষ্টা করেছেন ট্রাম্প। এসব নেতার সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজেকে একজন প্রভাবশালী বিশ্বনেতা হিসেবে তুলে ধরতে চান তিনি। অধ্যাপক সাইমন মাবনের মতে, এই বৈঠকে বাস্তব কোনো সমাধানের চেয়ে লোকদেখানো বিষয় বেশি গুরুত্ব পেতে পারে। তাঁর ভাষায়, শান্তির দূতের চেয়ে ট্রাম্প এখানে একজন বিশ্বনেতার ভূমিকায় নিজেকে তুলে ধরতে চাইবেন।
এদিকে সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয় তাঁর রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। কারণ, নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রভাব বাড়লে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আরও জোরালো হতে পারে।
নতুন বিশ্বব্যবস্থার সূচনা হবে কি?
রাশিয়ার পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান পিওতর তলস্তয় এই বৈঠককে ‘নতুন ইয়াল্টা’র সূচনা হতে পারে বলে মন্তব্য করেছেন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে সোভিয়েত ইউনিয়নের নেতা জোসেফ স্টালিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অংশ নেন। সেই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা, জার্মানির ভবিষ্যৎ এবং জাতিসংঘ প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই ইয়াল্টা সম্মেলনকে নতুন বিশ্বব্যবস্থা গঠনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হয়।
আসন্ন বৈঠককেও কেউ কেউ তেমন একটি সম্ভাবনার সঙ্গে তুলনা করছেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এখানে কোনো সিদ্ধান্ত বা চুক্তি হলে তা অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া যাবে না। সব মিলিয়ে, ট্রাম্প, সি চিন পিং ও পুতিনের এই বৈঠক বিশ্বরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এটি সত্যিই নতুন বিশ্বব্যবস্থার সূচনা করবে, নাকি কেবল তিন নেতার কূটনৈতিক সম্পর্ক প্রদর্শনের মঞ্চ হয়ে থাকবে, তা এখনই বলা যাচ্ছে না।
সূত্র: আল-জাজিরা
মন্তব্য করুন