বাংলা সংবাদ ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড়ে নতুন উদ্বেগ, আইসের হেফাজতে ৮ বছরের শিশু

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসী ধরপাকড় ও বহিষ্কার অভিযান অব্যাহত রয়েছে। ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, আলাবামাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে অভিবাসীদের আটকের ঘটনা ঘটেছে। আটক ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিচারাধীন থাকা এবং ওয়ার্ক পারমিটধারীরাও রয়েছেন। ক্যালিফোর্নিয়ায় আট বছর বয়সী এক হাইতিয়ান শিশুকেও হেফাজতে নিয়েছে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইস। বুধবার (১১ নভেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 

এপির প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের পর প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর প্রশাসনের অভিবাসন অভিযান অতিরিক্ত কঠোর হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন। সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে অভিবাসন নীতি নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি। তবে এর কয়েক ঘণ্টা পরই কঠোর অভিবাসন নীতির অন্যতম পরিকল্পনাকারী স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন ট্রাম্প। অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, অভিবাসন আইন প্রয়োগের নির্দেশনায় কোনো পরিবর্তন আসেনি। নির্বাচনের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ডিপোর্টেশন কার্যক্রম অব্যাহত থাকবে। থ্যাংকসগিভিং, ক্রিসমাস কিংবা নির্বাচনের দিনেও আইসের কার্যক্রম বন্ধ থাকবে না।

 

ফ্লোরিডার মায়ামিতে আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির ক্যাম্পেইন কো-অর্ডিনেটর মারিয়া বিলবাও এপিকে জানিয়েছেন, নির্বাচনের পর থেকে প্রতিদিন অন্তত একজন আটক অভিবাসীর কাছ থেকে তিনি ফোন পেয়েছেন। তাঁর মতে, অভিবাসী ধরপাকড়ের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি। ফ্লোরিডায় গাড়ি, সুপারমার্কেট, ফার্মেসি ও গ্যাস স্টেশন থেকে অভিবাসীদের আটক করা হয়েছে। এমনকি আইস অফিসে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টে হাজির হওয়া ব্যক্তিরাও গ্রেপ্তার হয়েছেন। লস অ্যাঞ্জেলেসে শনিবার ভোরে অ্যাডভেন্টিস্ট হেলথ হোয়াইট মেমোরিয়াল মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের প্রবেশপথে অভিবাসন কর্মকর্তাদের উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। মুখোশ ও বডি আর্মার পরিহিত কর্মকর্তাদের দেখে সেখানে বাসিন্দা ও পথচারীরা জড়ো হন। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

 

লস অ্যাঞ্জেলেসে বিচার বিভাগের শীর্ষ প্রসিকিউটর বিল এসাইলি জানান, একজন আটক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল। এ সময় ফেডারেল কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, আইস হাসপাতাল, স্কুল কিংবা গির্জাকে অভিযানের লক্ষ্যবস্তু করে না। হাসপাতাল কর্তৃপক্ষও জানিয়েছে, তারা অভিবাসন আইন প্রয়োগের কার্যক্রমে অংশ নেয়নি। এদিকে অ্যারিজোনার ফিনিক্স বিমানবন্দরে শনিবার আর্জেন্টিনার দুই নাগরিক গুস্তাভো রোমানেলো ও আগুস্তিন বাসেগাকে আটক করা হয়েছে। তাঁরা ফ্লোরিডার অরল্যান্ডোতে বসবাস করতেন এবং এক বন্ধুর শেষকৃত্যে যোগ দিতে ফিনিক্সে গিয়েছিলেন। পারিবারিক বন্ধু জোনাথন ব্যাচেলর জানান, তাঁদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিচারাধীন এবং দুজনেরই ওয়ার্ক পারমিট রয়েছে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কর্মকর্তারা তাঁদের আটক করেন।

 

তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভাষ্য, ২০২০ সালে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও তাঁরা অনুমোদিত অবস্থানের মেয়াদ অতিক্রম করেছেন। তাঁদের বিরুদ্ধে ডিপোর্টেশনসংক্রান্ত আইনি প্রক্রিয়া চলবে এবং এ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁরা আইসের হেফাজতে থাকবেন। আলাবামায় আটক হয়েছেন ভেনেজুয়েলার ১৯ বছর বয়সী যমজ দুই ভাই লুইস ও কার্লোস ওর্টা-সান্তোরো। তাঁরা হ্যান্সভিলের ওয়ালেস স্টেট কমিউনিটি কলেজের শিক্ষার্থী এবং কলেজের সকার দলের খেলোয়াড়। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কলেজে ফেরার পথে তাঁদের আটক করা হয়।

 

স্বজনদের দাবি, দুই ভাইয়ের রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিচারাধীন এবং তাঁদের ওয়ার্ক পারমিটও রয়েছে। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বক্তব্য, তাঁরা বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও অনুমোদিত অবস্থানের মেয়াদ অতিক্রম করেছেন। তাঁদের বিষয়টি ইমিগ্রেশন বিচারকের সামনে উপস্থাপন করা হবে। কলেজ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুই শিক্ষার্থী ওয়ালেস স্টেট কমিউনিটির গুরুত্বপূর্ণ সদস্য। তাঁদের পরিস্থিতি নিয়ে কলেজ কর্তৃপক্ষ উদ্বিগ্ন এবং ইতিবাচক সমাধানের প্রত্যাশা করছে। সবচেয়ে উদ্বেগের ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে। সেখানে আট বছর বয়সী এক হাইতিয়ান শিশুকে আইসের হেফাজতে নেওয়া হয়েছে। গত বছর শিশুটির বাবাকে ডিপোর্ট করার পর সে তার চাচার সঙ্গে বসবাস করছিল। গত ৪ নভেম্বর আইস অফিসে হাজির হওয়ার নির্দেশ পেয়ে চাচা তাকে সেখানে নিয়ে যান। পরে শিশুটিকে হেফাজতে নেওয়া হয়।

 

এ ঘটনায় সান দিয়েগো ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট ফাবি বাগুলা ও স্কুল বোর্ডের সদস্যরা প্রশাসনের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, অভিবাসনসংক্রান্ত পরিস্থিতির কারণে কোনো শিশুর শিক্ষা ও পারিবারিক সহায়তা ব্যাহত হওয়া উচিত নয়। তবে আইস শিশুটিকে হেফাজতে নেওয়ার সিদ্ধান্তের পক্ষে অবস্থান জানিয়েছে। এপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্বাচনের পর ক্যালিফোর্নিয়া থেকে মিশিগান ও ম্যাসাচুসেটস পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে অভিবাসীদের আটকের খবর জানিয়েছেন অধিকারকর্মীরা। তবে এ সময়ে মোট কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে আইস কোনো পরিসংখ্যান প্রকাশ করেনি। ট্রাম্প অভিবাসন নীতি নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করলেও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বক্তব্য অনুযায়ী, চলমান ডিপোর্টেশন কার্যক্রমে পরিবর্তন আনার কোনো নির্দেশ দেওয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে অভিবাসী ধরপাকড়ে নতুন উদ্বেগ, আইসের হেফাজতে ৮ বছরের শিশু

১

হোয়াইট হাউস ছাড়ার আগে নতুন দেশে হামলার ইঙ্গিত ট্রাম্পের

২

মার্কিন সিনেটের ইতিহাসে প্রথম, কোরআন ছুঁয়ে শপথ নেবেন মুসলিম সিনেটর

৩

২০২৬ সালে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বহিষ্কার

৪

ইরানের সঙ্গে সমঝোতা নয়, ভ্যান্সকে অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগের নির্দেশ

৫

অভিবাসী কাফেলা বন্ধ না হলে মেক্সিকোর পণ্যে দ্বিগুণ শুল্ক: ট্রাম্প

৬

যুক্তরাষ্ট্রে স্ন্যাপ কর্মসূচিতে কঠোরতা, খাদ্য সহায়তা হারানোর ঝুঁকিতে ৬৩ লাখ মানুষ

৭

সীমান্ত বন্ধের কৌশলে ইরানকে দুর্বল করতে পারছে না যুক্তরাষ্ট্র

৮

পাঁচ বছরে নিউইয়র্কের মেডিকেইড ব্যয় বেড়েছে ৪৫ বিলিয়ন ডলার

৯

ইরানের পারমাণবিক তথ্য পেতে ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

১০

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ড স্পনসর বন্ধ করল আইবিএম

১১

নিউইয়র্ক পুলিশ সদর দপ্তরে দক্ষিণ এশীয় সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলা

১২

মার্কিন নাগরিকত্বের আবেদনে নতুন প্রশ্ন যুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র

১৩

জ্বালানি কোম্পানির বাড়তি মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের

১৪

শেয়ারবাজারে এনভিডিয়ার ধস, চাপে কৃত্রিম বুদ্ধিমত্তা খাত

১৫

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১৬

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

১৭

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

১৮

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

১৯

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

২০