যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে বিদেশনীতি থেকে সরিয়ে দেশের অভ্যন্তরীণ বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। আমরা তাদের অর্থ—শত শত বিলিয়ন ডলার—এবং তাদের প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি।
একই পোস্টে ভ্যান্সের দায়িত্ব নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট-শাসিত শহর ও অঙ্গরাজ্যগুলোতে ঘটে চলা কথিত দুর্নীতি ও অপরাধের দিকে ভ্যান্সের ‘সম্পূর্ণ মনোযোগ’ দেওয়া উচিত। এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করছিলেন ভ্যান্স।
গতকাল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ভ্যান্স ও রেজায়ির মধ্যে মুখোমুখি বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছিল। সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে কাতারের রাজধানী দোহাকে বিবেচনা করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কয়েকজন কর্মকর্তা এবং ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সঙ্গে পরিচিত সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে সংবাদমাধ্যমটি।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় বড় ধরনের বিস্ফোরণে দুটি তেলবাহী সুপারট্যাংকারে আগুন লেগেছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ট্যাংকার দুটি চার মিলিয়ন ব্যারেলের বেশি তেল বহন করছিল বলে জানিয়েছে বাহিনীটি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, বুধবার (১১ নভেম্বর) রাতে ট্যাংকার দুটি প্রণালির দক্ষিণ দিকের একটি পথ দিয়ে যাচ্ছিল। ওই পথকে তারা অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে।
সূত্র: আল-জাজিরা
মন্তব্য করুন