বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের মতো ভিসা নীতি রয়েছে এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মোমেন বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যে তারা সহায়ক ভূমিকা পালন করবে। আমরাও স্পষ্ট করে বলেছি যে, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। যারা নির্বাচনে অংশ নেবে না তাদের পাশে যুক্তরাষ্ট্র নেই।
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একই অবস্থানে রয়েছে।
বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি পাওয়ায় বিদেশিরা আসছেন এবং আগের চেয়ে বেশি যোগাযোগ রাখছেন বলেও উল্লেখ করেন তিনি। মোমেন বলেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ইউরোপের অনেক দেশ এখানে নিজেদের পণ্য রপ্তানি করতে আসে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমুখী সম্পর্ক রয়েছে এবং দুই দেশ জলবায়ু পরিবর্তন, নিয়ন্ত্রিত অভিবাসন, রোহিঙ্গা সংকট ও নিরাপত্তা ইস্যু নিয়ে নিয়মিত আলোচনা করে বলেও উল্লেখ করেন ড. আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশ একটি উন্নত বিশ্বের জন্য বহুপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেয়।
মন্তব্য করুন