বাংলাদেশের প্রখ্যাত আলীমে দিন হযরত মাওলানা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমান। এর আগে রবিবার বিকেলে হঠাৎ বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়।
২০১০ সালের ২৯ জুন রাজধানীর শাহীনবাগের বাসা থেকে গ্রেপ্তরের পর থেকেই কারাগারে রয়েছেন জামায়াত ইসলামীর এই সাবেক নায়েবে আমির। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।
সাঈদী আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে। ওই রায় পুনর্বিবেচনার আবেদন হলেও তাতে কোনো পরিবর্তন আসেনি।
মন্তব্য করুন