অ্যালাবামার বার্মিংহামে বন্দুক সহিংসতায় এক নারীসহ অন্তত চারজন নিহত ও কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। শনিবার দিবাগত রাত এগারোটার দিকে বার্মিংহামের ফাইভ পয়েন্টস সাউথ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজন সন্দেহভাজন অস্ত্রধারী হুট করেই গুলি ছুড়তে শুরু করে। এতে ঘটনাস্থলেই তিনজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। অন্য একজনকে হাসপাতালে নেয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, সহিংসতায় জড়িত সন্দেহে কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
বার্মিংহামের পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড জানান, শনিবার দিনগত রাত ১১টার দিকে তারা ফাইভ পয়েন্টস সাউথ এলাকার ম্যাগনোলিয়া অ্যাভিনিউ থেকে বন্দুক সহিংসতার খবর পান।ঘটনাস্থলে পৌঁছানোর পর গুলিবিদ্ধ কয়েকজনকে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন পুলিশ কর্মকর্তারা। বার্মিংহাম ফায়ার অ্যান্ড রেস্কিউ কর্মকর্তারা ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে হাসপাতালে নিয়ে যায় এবং কয়েকজনকে মৃত ঘোষণা করে বলে জানান ফিটজেরাল্ড।
ফিটজেরাল্ড জানান, প্রাথমিক তদন্তের পর তাদের ধারণা একাধিক বন্দুকধারী একদল লোকের ওপর গুলি চালিয়েছে। তদন্তের স্বার্থে এফবিআই ও এটিএফের সহায়তা চেয়েছে বার্মিংহাম পুলিশ। পাশাপাশি বন্দুকধারীদের শনাক্ত করতে বাসিন্দাদের সহায়তা চেয়েছে তারা। বন্দুক সহিংসতার এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতংক তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ চিফ স্কট থারম্যান পুরো ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, তাদের ধারণা এটি একটি পরিকল্পিত হামলা। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে অন্তত ১০০টি গুলির খোসা পাওয়া গেছে।
মন্তব্য করুন