প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও নাট্যচর্চাকে লালন এবং নাট্য ও মিডিয়া কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি নাট্য ও মিডিয়া কর্মীদের ব্যতিক্রমী মিলনমেলা। ‘হৃদয়ে বাংলাদেশ, প্রবাসে নাট্য ও মিডিয়া কর্মীদের প্রাণের মেলা’ শীর্ষক এ আয়োজনে ছিল জমকালো পটলাক, রাইটার্স-আর্টিস্ট পিকনিক, আড্ডা, কবিতা আবৃত্তি ও গান।
শনিবার ১০ অক্টোবর কুইন্সের কানিংহাম পার্কে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম বকুলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্কের পাশাপাশি নিউ জার্সি ও কানেকটিকাট থেকে নাট্য ও মিডিয়া অঙ্গনের কর্মীরা অংশ নেন।
আনুষ্ঠানিকতার বাইরে আয়োজিত এ মিলনমেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত প্রাণবন্ত আড্ডা, কালজয়ী নাটকের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি ও গানে মুখর হয়ে ওঠে পার্ক প্রাঙ্গণ। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা বাড়ি থেকে পটলাক পদ্ধতিতে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসেন।
মিলনমেলায় প্রবাসে বসবাসরত বাংলাদেশের শীর্ষস্থানীয় ও প্রবীণ তারকাশিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন রেখা আহমেদ, লুৎফুন্নাহার লতা, রোকেয়া রফিক বেবী, শিরিন বকুল, স্বপ্না কাউসার, তমালিকা কর্মকার, এজাজ আলম, লায়লা ফারজানা ও তৌকির আহমেদ।

এ ছাড়া নাট্যাঙ্গনের তৌকীর আহমেদ হিল্লোল, আলমগীর চঞ্চল, আবু সুফিয়ান বিপ্লব, শামীম সাহেদ, গার্গী মুখার্জী, হারুন আহমেদ, বাবর খাদেমি, সুলতান বুখারী, বসুনিয়া, রনি, তানভীর, হীরা চৌধুরী, মিলটন, মুজিব বিন হক, জহির আহমেদ, জিয়া উদ্দিন শিপন, রিপন, সুলতানা ও আনিকা মাহিন একাসহ অনেকে অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত নাট্যকর্মী জলি আহমেদ বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজনে অংশ নিতে পেরে সবাই দারুণ আনন্দিত। মিলনমেলায় উপস্থিত শিল্পী ও নাট্যকর্মীরা এ উদ্যোগের জন্য শামসুল আলম বকুলকে ধন্যবাদ জানান। একই সঙ্গে প্রবাসের মাটিতে বাংলাদেশের নাট্যকলা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন