বয়স্ক জনসংখ্যা বৃদ্ধি, চিকিৎসাসেবার ব্যয় বেড়ে যাওয়া এবং হোম হেলথ কেয়ারে সদস্যসংখ্যা বাড়ার কারণে নিউইয়র্ক অঙ্গরাজ্যের মেডিকেইড ব্যয় চলতি অর্থবছরে প্রায় ১৩৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। পাঁচ বছর আগের তুলনায় এ ব্যয় প্রায় ৪৫ বিলিয়ন ডলার বেশি, অর্থাৎ বেড়েছে প্রায় ৫০ শতাংশ।
দরিদ্র ও প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিচালিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ কর্মসূচি মেডিকেইডের ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়লেও নিউইয়র্ক কর্তৃপক্ষ আগামী বছরগুলোতে ব্যয় বৃদ্ধির গতি কমিয়ে আনার পরিকল্পনা করছে। শুক্রবার প্রকাশিত রাজ্যের মধ্য-বার্ষিক আর্থিক পরিকল্পনা হালনাগাদে বলা হয়েছে, ২০২৮ ও ২০২৯ অর্থবছরে মেডিকেইড ব্যয় বৃদ্ধির হার যথাক্রমে ১ শতাংশ ও ১ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার প্রত্যাশা করা হচ্ছে।
রাজ্যগুলোর মধ্যে মাথাপিছু মেডিকেইড ব্যয়ে নিউইয়র্ক শীর্ষে রয়েছে। প্রায় ২৮২ বিলিয়ন ডলারের রাজ্য বাজেটের প্রায় অর্ধেক ব্যয় হয় এ কর্মসূচিতে। মেডিকেইডের খরচ কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বিভিন্ন কাউন্টি এবং নিউইয়র্ক সিটি যৌথভাবে বহন করে। রাজ্যের হিসাব অনুযায়ী, বয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি হাসপাতাল ও নার্সিং হোমগুলোর জন্য রিইম্বার্সমেন্ট বা চিকিৎসা ব্যয়ের প্রতিপূরণ হার বাড়ানো এবং ওষুধের উচ্চমূল্যও ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ। হোম হেলথ কেয়ারে সদস্য অন্তর্ভুক্তি বাড়ার বিষয়টিও সামগ্রিক ব্যয়ের ওপর প্রভাব ফেলছে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২৫ সালের বাজেট বিলে মেডিকেইড ও ফুড স্ট্যাম্পের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় ধরনের কাটছাঁটের প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। নিউইয়র্কের পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালে রাজ্যের মেডিকেইড কর্মসূচিতে কেন্দ্রীয় সরকারের ব্যয় আগের বছরের প্রায় ৭৬ বিলিয়ন ডলার থেকে কমে প্রায় ৬৯ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে।
রাজ্যের দীর্ঘমেয়াদি পরিচর্যা কর্মসূচিতে থাকা প্রবীণ এবং একই সঙ্গে মেডিকেইড ও মেডিকেয়ারে নথিভুক্ত ব্যক্তিরা মোট মেডিকেইড ব্যয়ের প্রায় ৬০ শতাংশের অংশীদার। মধ্য-বার্ষিক আর্থিক পরিকল্পনায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে নিউইয়র্কের মোট জনসংখ্যার ২১ শতাংশের বয়স হবে ৬৫ বছর বা তার বেশি। ২০১০ সালে এ হার ছিল ১৩ শতাংশ। বয়স্ক জনসংখ্যার এই বৃদ্ধি রাজ্যের স্বাস্থ্যসেবা ব্যয় ও বাজেটের ওপর বাড়তি চাপ তৈরি করছে। রাজ্যের বাজেট বিভাগের মুখপাত্র টিম রুফিনিন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
মন্তব্য করুন