মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে চলা অভিবাসনপ্রত্যাশীদের কাফেলা অবিলম্বে থামানো না হলে দেশটির পণ্যের ওপর আরোপিত শুল্ক দ্বিগুণ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। একই সঙ্গে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তাঁর পোস্টে মেক্সিকো সরকারকে অবিলম্বে অভিবাসীদের আটকানোর আহ্বান জানান। তিনি বলেন, মেক্সিকো তা করতে ব্যর্থ হলে দেশটির ওপর আরোপিত শুল্ক তাৎক্ষণিকভাবে দ্বিগুণ করা হবে। এ বিষয়ে মেক্সিকো সরকার, টেক্সাসের গভর্নর, মার্কিন বর্ডার পেট্রোল এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অভিবাসন ইস্যুতে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান ট্রাম্প।
এদিকে গত মঙ্গলবার গুয়াতেমালা সীমান্তসংলগ্ন মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর তাপাচুলা থেকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসনপ্রত্যাশীর একটি দল যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরু করে। মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা এসব মানুষ পায়ে হেঁটে দেশটির উত্তর সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছেন।
অভিবাসনপ্রত্যাশীদের আশা, গত সপ্তাহে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ের ফলে দেশটিতে বসবাস ও কাজের সুযোগ তৈরি হতে পারে। সেই প্রত্যাশা থেকেই তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের লক্ষ্যে যাত্রা অব্যাহত রেখেছেন।
মন্তব্য করুন