মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী মার্কিন বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও আর নেই। অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গত ২০ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার পরিবার।
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্স সিটির এই সাবেক প্রধান বিচারক শুধু আদালতের কাঠগড়ায় নয়, সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তাঁর সহানুভূতিশীল রায় আর মমতাময়ী আচরণের জন্য। ক্ষুদ্র অপরাধে অভিযুক্ত মানুষদের জীবনের কষ্ট বোঝার চেষ্টা করতেন তিনি, কখনো ক্ষমা করতেন, কখনো শাস্তি কমিয়ে দিতেন—তবে সবসময়ই দিতেন এক টুকরো মানবিকতার বার্তা। তাঁর রায়গুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ত লাখো দর্শকের মনে, যা তাঁকে বিশ্বজুড়ে ‘মানবিক বিচারপতি’ হিসেবে খ্যাতি এনে দেয়।
কট ইন প্রোভিডেন্স’শো থেকে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া এ বিচারক আইনের কঠোর মারপ্যাঁচের মাঝেও দয়া ও মানবিকতার জন্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুতে পরিবার তাঁকে “নিষ্ঠাবান স্বামী, বাবা, দাদা, প্রপিতামহ ও বন্ধু” হিসেবে বর্ণনা করেছে।
কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন তিনি। আদালতের বেঞ্চে আর না বসলেও ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে অবসর নেন। মৃত্যুর আগে হাসপাতাল শয্যা থেকেই শেষ ভিডিও বার্তায় সকলের কাছে দোয়া চেয়েছিলেন।আমেরিকা ছাড়াও বাংলাদেশে তাঁর অসংখ্য ভক্ত আছে। ইউটিউব আর ফেসবুকে তাঁর দয়ার গল্প দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছেন। তাঁকে মনে রাখবে সারা দুনিয়ার মানুষ।
মন্তব্য করুন