
মেক্সিকোয় অভিবাসী বন্দিশিবিরে আগুন লেগে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) রাতে মেক্সিকোর উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র সীমান্তসংলগ্ন সিউদাদ জুয়ারেজ শহরে এই ঘটনা ঘটে। মেক্সিকোর জাতীয় অভিবাসন বিষয়ক ইনস্টিটিউট (আইএনএম) এই তথ্য জানিয়েছে।
সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, শহরের বিভিন্ন সড়ক থেকে ৭১ অভিবাসন-প্রত্যাশীকে ধরে এনে আইএনএম কেন্দ্রে আনার পর এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় সেখানে ৬৮ জন অবস্থান করছিলেন।
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেছেন, অভিবাসীরা যখন জানতে পারে যে তাঁদের নিজ দেশে প্রত্যাবাসন করা হবে, তখন বিছানাপত্রে আগুন দিয়ে তাঁরা বিক্ষোভ শুরু করলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে মনে করছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, প্রতি মাসে প্রায় দুই লাখ মানুষ মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে মেক্সিকো সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে।
মন্তব্য করুন