যুক্তরাষ্ট্রে অভিবাসন আবেদনকারীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএস। নতুন নিয়ম অনুযায়ী, গ্রিনকার্ড, কাজের অনুমতি ও অন্যান্য অভিবাসন সুবিধার আবেদনে প্রয়োজনীয় প্রাথমিক কাগজপত্র বা যোগ্যতার প্রমাণ না থাকলে অতিরিক্ত নথি চেয়ে নোটিশ না পাঠিয়েই আবেদন প্রত্যাখ্যান করতে পারবেন কর্মকর্তারা।
২০২৬ সালের ৫ আগস্ট প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, অভিবাসন সুবিধা পাওয়ার যোগ্যতা প্রমাণের দায়িত্ব আবেদনকারীর। তাই আবেদন জমা দেওয়ার সময়ই নির্ধারিত সব তথ্য ও প্রমাণ সংযুক্ত করতে হবে। আগে কোনো নথির ঘাটতি থাকলে ইউএসসিআইএস সাধারণত ‘রিকোয়েস্ট ফর এভিডেন্স’ (আরএফই) অথবা ‘নোটিশ অব ইনটেন্ট টু ডিনাই’ (এনওআইডি) পাঠিয়ে জবাব দেওয়ার সুযোগ দিত। নতুন নিয়মে এসব নোটিশ দেওয়ার ব্যবস্থা বন্ধ হয়নি, তবে প্রতিটি ক্ষেত্রে তা পাঠানো আর বাধ্যতামূলক নয়।
নতুন নির্দেশনার প্রভাব পড়তে পারে চাকরি ও পরিবারের মাধ্যমে অভিবাসন, স্থায়ী বসবাসের অনুমতি, যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ বৃদ্ধি এবং ভিসার ধরন পরিবর্তনের আবেদনে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকবিষয়ক দপ্তরও এফ-১ শিক্ষার্থী, এইচ-১বি কর্মীসহ বিভিন্ন শ্রেণির আবেদনকারীদের প্রয়োজনীয় প্রমাণ জমা দেওয়ার বিষয়ে সতর্ক করেছে।
নির্দেশনাটি ৫ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হয়েছে। ওই দিন বা তার পরে জমা দেওয়া আবেদনের পাশাপাশি তখন প্রক্রিয়াধীন থাকা আবেদনেও এটি প্রযোজ্য হতে পারে। তবে আশ্রয় আবেদনসহ কিছু অভিবাসন প্রক্রিয়ায় আলাদা নিয়ম কার্যকর থাকবে।
বিশেষজ্ঞদের পরামর্শ, আবেদন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় নথি, স্বাক্ষর, অনুবাদ ও যোগ্যতার প্রমাণ ভালোভাবে যাচাই করা উচিত। আরএফই বা এনওআইডি পেলে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে হবে। জটিল পরিস্থিতিতে অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়ার কথাও বলা হয়েছে।
মন্তব্য করুন