আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাসংক্রান্ত তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভাগাভাগি করার অভিযোগ তুলেছে তেহরান। এ নিয়ে গভীর অবিশ্বাস তৈরি হওয়ায় সংস্থাটির পরিদর্শকদের আবারও ইরানে প্রবেশের অনুমতি দিতে অনীহা দেখাচ্ছে দেশটি। অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আইএইএ।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থাটির পরিচালনা পর্ষদের আসন্ন বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকটি সরাসরি ইরানকে কেন্দ্র করে আয়োজন করা না হলেও দেশটির পারমাণবিক পরিস্থিতি আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। ২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে তেহরান। এর ফলে দেশটির পারমাণবিক কর্মসূচির ওপর নিয়মিত নজরদারি চালাতে পারছে না আইএইএ।
সংস্থাটির আশঙ্কা, পরিদর্শকদের প্রবেশাধিকার না থাকায় ইরানের ঘোষিত পারমাণবিক উপকরণ কেবল শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না। এমনকি এসব উপকরণের কোনো অংশ অন্য কাজে সরিয়ে নেওয়া হয়েছে কি না, সেটিও যাচাই করতে পারছে না সংস্থাটি। এ পরিস্থিতিতে ইরানকে পারমাণবিক নিরাপত্তা চুক্তি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট বিধান মেনে চলার আহ্বান জানাতে চায় আইএইএ। পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য ধাপে ধাপে অনুমতি দেওয়ার প্রস্তাবও দেবে সংস্থাটি।
তবে তেহরানের অবস্থান ভিন্ন। ইরানের দাবি, পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার আগে চলমান যুদ্ধের অবসান ঘটাতে হবে। একই সঙ্গে দেশটির তিনটি পারমাণবিক স্থাপনায় ভবিষ্যতে যেন যুক্তরাষ্ট্র আবারও হামলা না চালায়, সে বিষয়ে নিশ্চয়তা চায় ইরান। ইরানি কর্মকর্তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আইএইএ’র পরিদর্শকেরা দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন। পরে এসব তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ভাগাভাগি করা হয়েছে বলেও সন্দেহ করছে তেহরান।
তবে তথ্য ভাগাভাগির এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে আইএইএ’র প্রতি ইরানের গভীর অবিশ্বাস এবং পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়ে মতবিরোধ দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
মন্তব্য করুন