
বিপুল সংখ্যক মানুষের অংশ গ্রহণে ২০ আগস্ট মিশিগানের হ্যামট্রামিক শহরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটির আয়োজন করে ডেট্রয়েট দুর্গা টেম্পল। হ্যামট্রামিক হাই স্কুলের পার্কিং লট থেকে বিকেল সাড়ে ৬টায় শোভাযাত্রা শুরু হয়, শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে একই স্থানে এসে শেষ হয়।
মিশিগানের বিভিন্ন শহর থেকে বিকেল থেকেই অনুষ্ঠানস্থলে লোকজন সমবেত হন। দুর্গা মন্দিরের পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়া কর্মকাণ্ডসহ বিশেষ পূজা, অর্চনা করেন।
পূজার পর শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার প্রাক্কালে শিশু, কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান এরপর ভক্তবৃন্দরা ঢাক-ঢোল, করতাল বাজিয়ে নেচে গেয়ে কীর্তন পরিবেশন করে সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় রাস্তার দুপাশ থেকে হাত নাড়িয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান অনেক মানুষ। শোভাযাত্রা চলাকালীন সময় শহরের যান চলাচল নিয়ন্ত্রণ করেন হ্যামট্রামিকে পুলিশ।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পরদিন ২১ আগস্ট রোববার ডেট্রয়েট দুর্গা টেম্পল দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এরমধ্যে ছিল কীর্তন, পূজা, প্রসাদ বিতরণ, আকর্ষণীয় দধিভাণ্ড ভাঙ্গন।
এছাড়াও মিশিগানের ওয়ারেন সিটির শিব মন্দিরে ১৯ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে মন্দিরের ভক্তরা অংশ নেন। পরদিন ২০ আগস্ট মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা, কীর্তন ও প্রসাদ বিতরণ করা হয়।
মন্তব্য করুন