যুক্তরাষ্ট্রে সবার জন্য সরকারি অর্থায়নে স্বাস্থ্যসেবা চালুর একটি প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি মিশিগানের নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সাইদের। তিনি কর্মসূচিটির নাম ট্রাম্পের নামে ‘ট্রাম্পকেয়ার’ রাখার প্রস্তাব দিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) ট্রাম্প ট্রুথ সোশ্যালে এল-সাইদের আগের একটি পোস্টের ছবি শেয়ার করেন। ওই পোস্টে এল-সাইদ প্রত্যেক মার্কিনির জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। সঙ্গে ছিল ট্রাম্পের নাম ও স্বাক্ষরের আদলে তৈরি ‘ট্রাম্পকেয়ার’ নামের একটি সোনালি স্বাস্থ্যবিমা কার্ডের নমুনা। কার্ডটি সরকারি কিছু নয়, একটি রাজনৈতিক প্রস্তাব তুলে ধরতে নকশাটি তৈরি করা হয়।
তবে পোস্ট শেয়ারের সময় ট্রাম্প কোনো মন্তব্য করেননি, প্রস্তাবে সমর্থনও জানাননি। অন্যদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যালিসন শুস্টার আগেই এই পরিকল্পনাকে সমাজতান্ত্রিক ধারণাভিত্তিক সরকারি নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগ বলে সমালোচনা করেছিলেন।
এল-সাইদ বলেছেন, প্রেসিডেন্ট সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিক হলে তিনি তাঁর সঙ্গে কাজ করতে প্রস্তুত। ফক্স টু ডেট্রয়েটকে তিনি বলেন, ট্রাম্প চাইলে তাঁকে ফোন করতে পারেন। এ কাজে তিনি সিনেটর বার্নি স্যান্ডার্স, এলিজাবেথ ওয়ারেন, রন ওয়াইডেন ও ক্রিস ভ্যান হলেনকে যুক্ত করার কথাও বলেছেন।
সম্প্রতি ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, স্বাস্থ্যসেবা নিয়ে দুই দল একমত হলে ভালো কিছু করা সম্ভব। মধ্যবর্তী নির্বাচনের পর ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় জানুয়ারিতে নতুন কংগ্রেস শুরু হলে স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা জোরালো হতে পারে। পেশায় চিকিৎসক এল-সাইদ মিশিগানের ওয়েইন কাউন্টির স্বাস্থ্য বিভাগের পরিচালক ছিলেন। এবারের নির্বাচনে ‘মেডিকেয়ার ফর অল’ ছিল তাঁর প্রচারণার মূল বিষয়।
মন্তব্য করুন