অভিবাসীদের আটকে রাখার একটি বড় কেন্দ্র ৪৫৩ মিলিয়ন ডলারে (৪৫ কোটি ৩০ লাখ ডলার) কিনে নিয়েছে মার্কিন সরকার। কেন্দ্রটি ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমা শহরে, নাম নর্থওয়েস্ট আইস প্রসেসিং সেন্টার। এতদিন এটির মালিক ছিল বেসরকারি প্রতিষ্ঠান জিইও গ্রুপ। জিইও জানিয়েছে, ১ হাজার ৬৩৫ শয্যার কেন্দ্রটি তারা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারের কাছে ৪৫৩ মিলিয়ন ডলারে বিক্রি করেছে। প্রতিষ্ঠানটি বুধবার বিক্রির ঘোষণা দেয়।
মালিকানা হাতবদল হলেও কেন্দ্রটির দৈনন্দিন কাজ জিইও গ্রুপই চালাবে। কেন্দ্রটি ২০০৪ সালে নির্মিত হয়। পরের বছর জিইও গ্রুপ এর মালিকানা নিয়ে পরিচালনা শুরু করে। জিইও গ্রুপ জানিয়েছে, ফেডারেল ও অঙ্গরাজ্যের কর এবং লেনদেনের খরচ বাদ দিয়ে বিক্রি থেকে তাদের হাতে থাকবে প্রায় ৩৪০ মিলিয়ন ডলার। এই অর্থ এবং প্রতিষ্ঠানের হাতে থাকা নগদ অর্থ দিয়ে তারা ৫০০ মিলিয়ন ডলারের শেয়ার পুনঃক্রয় চুক্তি করার পরিকল্পনা করছে।
এর কয়েক সপ্তাহ আগে কেন্দ্রটি চালানোর জন্য সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির নতুন ১০ বছরের চুক্তি হয়েছে। এই চুক্তির মূল্য প্রায় দেড় বিলিয়ন (১৫০ কোটি) ডলার। এর আওতায় নিরাপত্তা, খাবার, চিকিৎসাসেবা, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সেবা জিইও গ্রুপই দেবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রটি কেনায় অভিবাসন আইন প্রয়োগ এবং যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি নেই এমন ব্যক্তিদের আটক ও ফেরত পাঠানোর ক্ষেত্রে সরকারের সক্ষমতা বাড়বে। নতুন কেন্দ্র নির্মাণের জন্য দীর্ঘ সময় অপেক্ষা না করেই সরকার এখানে মানুষ রাখতে পারবে।
তবে এত বেশি দামে কেন্দ্রটি কেনা নিয়ে প্রশ্ন উঠেছে। কংগ্রেস সদস্য প্রমিলা জয়পালের দপ্তর জানিয়েছে, টাকোমা শহর সম্পত্তিটির মূল্য নির্ধারণ করেছিল প্রায় ৭২ দশমিক ৬ মিলিয়ন ডলার, যা বিক্রয়মূল্যের ছয় ভাগের এক ভাগেরও কম। জয়পালের মতে, করদাতাদের অর্থে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকদের বড় আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। তিনি বিষয়টি তদন্তের কথাও জানিয়েছেন। টাকোমা এলাকার কংগ্রেস সদস্য এমিলি র্যান্ডালও বিক্রির সমালোচনা করেছেন। তিনি একে “শেয়ারহোল্ডারদের জন্য করদাতাদের অর্থে দেওয়া উপহার” বলে বর্ণনা করেছেন।
কেন্দ্রটি নিয়ে আগে থেকেই নানা অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে খাবার, পানির মান, চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে হাজার হাজার অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ তদন্তে ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ কেন্দ্রটিতে ঢুকতে চাইলেও প্রতিষ্ঠানটি একাধিকবার বাধা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে রাজ্য সরকার ও জিইও গ্রুপের মধ্যে আইনি বিরোধও চলছে।
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের আশঙ্কা, কেন্দ্রটির মালিকানা সরকারের হাতে যাওয়ায় রাজ্যের পরিদর্শন ও নজরদারি আরও কঠিন হতে পারে। কারণ কেন্দ্রটি এখন সরাসরি ফেডারেল সরকারের সম্পত্তি, ফলে সেখানে রাজ্যের আইন প্রয়োগে নতুন আইনি জটিলতা তৈরি হতে পারে। জিইও গ্রুপ জানিয়েছে, তারা সরকারের সঙ্গে দীর্ঘদিনের কাজের সম্পর্ক বজায় রাখতে চায়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জর্জ জোলি বলেছেন, নতুন চুক্তির আওতায় কেন্দ্রটিতে সেবা দেওয়ার কাজ চালিয়ে যেতে তাঁরা প্রস্তুত।
এই বিক্রি এমন সময়ে হলো, যখন ট্রাম্প প্রশাসন অভিবাসীদের আটক রাখার জায়গা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। এর আগে ক্যালিফোর্নিয়ার আদেলান্তো শহরের আটককেন্দ্রগুলোও সরকার কিনেছে। ফলে বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে আটককেন্দ্র কিনে দেশজুড়ে অভিবাসী আটকের সক্ষমতা বাড়ানোর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
মন্তব্য করুন