যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের মানুষের খাদ্যসহায়তা কর্মসূচি সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে (স্ন্যাপ) বড় পরিবর্তন এসেছে। কর্মসূচিটি ফুড স্ট্যাম্প নামে বেশি পরিচিত। নতুন নিয়মে কাজের বাধ্যবাধকতা বেড়েছে, অভিবাসীদের যোগ্যতা সীমিত হয়েছে, বয়সসীমা বদলেছে এবং পরিবারের আয়-ব্যয়ের হিসাবে নতুন শর্ত যুক্ত হয়েছে। এতে নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে নিম্ন আয়ের পরিবারগুলোর একটি অংশ খাদ্যসহায়তা হারানো বা সুবিধা কমে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে।
সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কর্মক্ষম ও নির্ভরশীল সন্তানবিহীন প্রাপ্তবয়স্কদের (এবিএডব্লিউডি) কাজের শর্তে। আগে সাধারণত ১৮ থেকে ৫৪ বছর বয়সীরা এই নিয়মের আওতায় ছিলেন। এখন বয়সসীমা বাড়িয়ে ১৮ থেকে ৬৪ বছর করা হয়েছে। যেসব পরিবারের নির্ভরশীল সন্তানের বয়স ১৪ বছর বা তার বেশি, সেসব পরিবারের অভিভাবকদের একটি অংশকেও এখন কাজের শর্ত পূরণ করতে হবে।
নতুন নিয়মে এই শ্রেণির ব্যক্তিদের মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ করতে হবে। চাকরি না থাকলে অনুমোদিত প্রশিক্ষণ, শিক্ষা, চাকরির প্রস্তুতি, স্বেচ্ছাসেবা বা কমিউনিটি সার্ভিসের মাধ্যমেও এ শর্ত পূরণ করা যাবে। শর্ত পূরণ না করলে ৩৬ মাসের মধ্যে সর্বোচ্চ তিন মাস খাদ্যসহায়তা পাওয়া যাবে। এরপর শর্ত পূরণ বা ছাড়ের যোগ্যতা প্রমাণ করতে না পারলে সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। তবে সবাইকে কাজের শর্ত মানতে হবে না। শারীরিক বা মানসিক কারণে কাজ করতে অক্ষম ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী এবং ১৪ বছরের কম বয়সী শিশুর দায়িত্বে থাকা ব্যক্তিসহ কয়েকটি শ্রেণি ছাড় পেতে পারেন। অন্যদিকে প্রবীণদের একটি অংশ, গৃহহীন ব্যক্তি ও সামরিক বাহিনীর সাবেক সদস্যদের জন্য আগে যে ছাড় ছিল, তার কিছু বাতিল হয়েছে।
অভিবাসীদের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ এসেছে। ২০২৫ সালের ৪ জুলাই কার্যকর হওয়া আইনে স্ন্যাপ পাওয়ার যোগ্য নন-সিটিজেনদের তালিকা ছোট করা হয়েছে। সাধারণভাবে যোগ্য শ্রেণিতে রয়েছেন গ্রিনকার্ডধারী, কিউবান ও হাইতিয়ান প্রবেশকারী এবং কমপ্যাক্ট অব ফ্রি অ্যাসোসিয়েশনভুক্ত দেশের নাগরিকেরা। তবে গ্রিনকার্ডধারীদের ক্ষেত্রেও সাধারণত পাঁচ বছর অপেক্ষার নিয়ম আছে, যদিও কিছু শ্রেণির জন্য ব্যতিক্রম রয়েছে। শুধু শরণার্থী বা আশ্রয়প্রাপ্ত পরিচয়ের ভিত্তিতে এখন আর স্ন্যাপ পাওয়া যাবে না।
পরিবারের কোনো সদস্য অযোগ্য হলেই অন্য যোগ্য সদস্যদের সুবিধা আপনা-আপনি বন্ধ হবে না। পরিবারের সদস্যসংখ্যা, আয় এবং প্রত্যেকের অভিবাসন অবস্থার ভিত্তিতে সহায়তার পরিমাণ ঠিক হবে। এ কারণে অভিবাসন-সংক্রান্ত জটিলতা থাকলে আবেদন বা নবায়নের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। বাসাভাড়া, বিদ্যুৎ, গ্যাসসহ আবাসন ব্যয়ের হিসাবেও পরিবর্তন এসেছে। বিশেষ করে ইন্টারনেট বিলকে অতিরিক্ত আবাসন ব্যয়ের কর্তন থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে যেসব পরিবারের ভাড়া ও ইউটিলিটি খরচ বেশি, তাদের খাদ্যসহায়তার পরিমাণ কমতে পারে।
স্ন্যাপ পরিচালনায় অঙ্গরাজ্যগুলোর আর্থিক দায়ও বাড়ছে। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে প্রশাসনিক ব্যয়ে ফেডারেল সরকারের অংশ ৫০ শতাংশ থেকে কমে ২৫ শতাংশ হয়েছে। বাকি ৭৫ শতাংশ বহন করতে হবে অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনকে। ২০২৭ সালের ১ অক্টোবর থেকে নির্দিষ্ট সীমার বেশি ভুলের হার থাকা অঙ্গরাজ্যগুলোকে খাদ্যসহায়তার ব্যয়েরও ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বহন করতে হতে পারে।
নিউইয়র্ক সিটিতে নতুন কাজের শর্ত কার্যকর হয়েছে ২০২৬ সালের ১ মার্চ থেকে। তবে ৩৬ মাসের নতুন হিসাব শুরু হয়েছে ১ অক্টোবর থেকে, যা চলবে ২০২৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। নিউইয়র্ক সিটির হিউম্যান রিসোর্সেস অ্যাডমিনিস্ট্রেশন (এইচআরএ) জানিয়েছে, নতুন সময়সীমায় কাজের শর্ত না মানার কারণে সুবিধা কমানো বা বন্ধ হওয়ার প্রথম সম্ভাব্য মাস জানুয়ারি ২০২৭। এদিকে গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) স্ন্যাপের কাজের শর্ত বাস্তবায়ন নিয়ে নতুন প্রস্তাবিত বিধিমালা প্রকাশ করেছে। এতে কিছু ছাড়, কাজের শর্ত সাময়িক স্থগিত রাখা এবং গৃহহীন ব্যক্তির সংজ্ঞা সংশোধনের প্রস্তাব রয়েছে। এ বিষয়ে জনসাধারণ ২০২৬ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত মতামত দিতে পারবেন। তবে এগুলো এখনো চূড়ান্ত নিয়ম নয়।
খাদ্যসহায়তা হারানোর ঝুঁকি এড়াতে উপকারভোগীদের এইচআরএর চিঠি ও নোটিশ নিয়মিত দেখতে হবে। কাজ, প্রশিক্ষণ বা স্বেচ্ছাসেবার প্রমাণ সংরক্ষণ করতে হবে। ছাড় পাওয়ার যোগ্য হলে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আয়, পরিবারের সদস্যসংখ্যা, বাসাভাড়া ও ইউটিলিটি বিলের তথ্যও সঠিকভাবে জানাতে হবে। তবে সবাই স্ন্যাপ সুবিধা হারাবেন, এমন নয়। ব্যক্তিগত যোগ্যতা ও পরিস্থিতির ভিত্তিতেই সুবিধা নির্ধারিত হবে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিজের যোগ্যতা যাচাই করে নেওয়া জরুরি। ভুল তথ্য দিয়ে বা প্রতারণার মাধ্যমে সুবিধা নিলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে পারেন।
মন্তব্য করুন