বাংলা সংবাদ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

মার্কিন সংবাদমাধ্যমের পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মেরি পেলটোলা। তিনি পরাজিত করেছেন রিপাবলিকান দলের বর্তমান সিনেটর ড্যান সুলিভানকে। এই জয়ের মধ্য দিয়ে মধ্যবর্তী নির্বাচনে সিনেটে নবম আসন পেল ডেমোক্র্যাটরা। ফলে সিনেটে দলটির আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬টিতে। অন্যদিকে রিপাবলিকানদের আসন কমে হয়েছে ৪৪টি। এতে সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আরও সুসংহত হলো।

 

গতকাল মঙ্গলবার আলাস্কার র‍্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতির চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ৫০ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন পেলটোলা। অন্যদিকে ড্যান সুলিভান পেয়েছেন ৪৬ শতাংশ ভোট। ফলে পরবর্তী দফায় ভোট গণনার আর প্রয়োজন হয়নি। র‍্যাঙ্কড-চয়েস ভোটিং পদ্ধতিতে ভোটাররা প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে ক্রমানুসারে ভোট দেন। এই পদ্ধতিতে কোনো প্রার্থীকে জয়ী হতে অন্তত ৫০ শতাংশ ভোট পেতে হয়। পেলটোলা সেই সীমা অতিক্রম করায় প্রথম দফাতেই তাঁর জয় নিশ্চিত হয়।

 

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আলাস্কায় ১৩ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে ভোটারদের অসন্তোষ এবং অঙ্গরাজ্যটির রাজনীতিতে স্বতন্ত্র ধারার শক্তিশালী প্রভাবের কারণে এবার ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। জয়ের পূর্বাভাস পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেলটোলা বলেন, আজীবন আলাস্কায় বসবাসকারী একজন মানুষ হিসেবে এবং এই অঙ্গরাজ্যের মানুষের সেবায় নিজের কর্মজীবন উৎসর্গ করতে পেরে তিনি গর্বিত। করপোরেট লোভের বিরুদ্ধে লড়াই, জীবনযাত্রার ব্যয় কমানো এবং আলাস্কার মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সংগ্রামে সমর্থন পাওয়াকে তিনি বড় সম্মান হিসেবে উল্লেখ করেন।

 

আলাস্কার দুর্গম ও বিচ্ছিন্ন জনপদগুলোর কারণে নির্বাচনের পর ভোট গণনা শেষ করতে সাধারণত বেশি সময় লাগে। এ ছাড়া এবারের নির্বাচনে ভোট ভাগাভাগির উদ্দেশ্যে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে স্বতন্ত্র একজন প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে উৎসাহিত করার অভিযোগ ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সাধারণ নির্বাচনে ড্যান সুলিভান ও পেলটোলার পাশাপাশি আরও দুজন প্রার্থী ছিলেন। তাঁরা হলেন রিপাবলিকান প্রার্থী ও ড্রাইওয়াল নির্মাণকাজের ঠিকাদার জেরি হেইকস এবং স্বতন্ত্র প্রার্থী ড্যান জে সুলিভান জুনিয়র, যিনি একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।

 

রিপাবলিকানদের অভিযোগ, বর্তমান সিনেটর ড্যান সুলিভানের ভোট বিভক্ত করতেই ড্যান জে সুলিভান জুনিয়রকে নির্বাচনে প্রার্থী হতে উৎসাহিত করা হয়েছিল। তাঁকে ব্যালট থেকে বাদ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা। রিপাবলিকানদের দাবি ছিল, তিনি সৎ উদ্দেশ্যে নির্বাচনে অংশ নেননি। তবে আলাস্কার সুপ্রিম কোর্ট তাঁদের যুক্তি খারিজ করে দেন। নির্বাচনের আগে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ড্যান জে সুলিভান জুনিয়রকে প্রার্থী হতে উৎসাহিত করার পেছনে পেলটোলার প্রচারশিবিরের ভূমিকা ছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পেলটোলার প্রচারশিবির।

 

অভিযোগের পরিপ্রেক্ষিতে রিপাবলিকান গভর্নর মাইক ডানলিভি অঙ্গরাজ্যজুড়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তাঁর ভাষ্য, নির্বাচনে এমন কোনো কর্মকাণ্ড ঘটেছে কি না, যা মিথ্যা সাক্ষ্য দেওয়ার শামিল হতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্ভাব্য অনিয়মের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও ফৌজদারি তদন্ত শুরু করেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ কথিত ওই প্রার্থীকে নির্বাচনে দাঁড় করানোর উদ্যোগকে ‘প্রতারণা’ বলে বর্ণনা করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিচার বিভাগের তদন্তের অংশ হিসেবে ১৪০টির বেশি সমন, চিঠি ও নোটিশ পাঠানো হয়েছে। তবে এসব পদক্ষেপের অর্থ এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা অপরাধী প্রমাণিত হয়েছেন।

 

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণের পর সিনেটের এটিই ছিল সর্বশেষ আসন, যার ফল প্রকাশ বাকি ছিল। পেলটোলার জয়ের মধ্য দিয়ে ২০০৯ সালের পর সিনেটে সর্বোচ্চ আসনসংখ্যা অর্জন করল ডেমোক্রেটিক পার্টি। পাশাপাশি প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে দলটি। এর ফলে আগামী দুই বছর কংগ্রেস ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে নীতিনির্ধারণ ও আইন প্রণয়ন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন এবং অচলাবস্থা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

 

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

২

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

৩

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

৪

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

৫

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

৬

হঠাৎ বন্ধ হয়ে গেলো মার্কিন নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ ব্যবস্থা

৭

পিৎজা হাটের প্রতিষ্ঠাতা ড্যান কার্নির আর নেই

৮

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী কমছে, আর্থিক সংকটে বিশ্ববিদ্যালয়গুলো

৯

নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট নিয়ে বড় সিদ্ধান্ত মামদানির

১০

বিদেশিদের গ্রিনকার্ড পাওয়া কঠিন করতে নতুন নিয়মের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

১১

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

১২

আশ্রয়প্রার্থীদের প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা, এবার সুপ্রিম কোর্টে আইনি লড়াই

১৩

মার্কিন রণতরী রুজভেল্ট মধ্যপ্রাচ্যে, নতুন সংঘাতের আশঙ্কা

১৪

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

১৫

যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে প্রস্তুত ওয়াশিংটন

১৬

নিউইয়র্কে NYPD ফ্যামিলি ডে উদযাপন, গর্বের সঙ্গে অংশ নিল BAPA

১৭

মিশিগানে ইহুদি ভোটারদের অর্ধেক সমর্থন পেয়েছেন আবদুল এল-সাইয়েদ

১৮

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মাঠে নামছে ডেমোক্র্যাটরা

১৯

অবসরকালীন সঞ্চয়ে নতুন সুযোগ, ২০২৭ সালে ৪০১(কে) সীমা বাড়াল আইআরএস

২০