ইরানের সঙ্গে চলমান ব্যয়বহুল যুদ্ধ বন্ধ করতে এবার রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা। সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের জয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে কঠোর কৌশল গ্রহণ করেছেন তারা। নির্বাচনে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং দীর্ঘস্থায়ী এই যুদ্ধের অবসান ঘটাতে কংগ্রেসের ক্ষমতা ব্যবহার করে হোয়াইট হাউসের ওপর চাপ সৃষ্টির প্রস্তুতি নিচ্ছেন ডেমোক্র্যাট নেতারা।
অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র জয়ী হয়েছে এবং যুদ্ধ শেষ হওয়ার পথে। তবে এখনো ইরানের বন্দরগুলোতে কঠোর নৌ-অবরোধ বজায় রেখেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায় ওয়াশিংটন। কোনো ধরনের আপস ছাড়াই পূর্ণ বিজয় অর্জনে অনড় অবস্থানে রয়েছে হোয়াইট হাউস।
এমন পরিস্থিতিতে জীবনযাত্রার বাড়তি ব্যয় কমানো এবং ইরান যুদ্ধ বন্ধের দাবিতে সক্রিয় হয়েছেন ডেমোক্র্যাটরা। ট্রাম্পের অনমনীয় নীতির মোকাবিলায় তারা মূলত তিনটি কৌশল গ্রহণের পরিকল্পনা করছেন। প্রথমত, কংগ্রেসে আইন পাসের মাধ্যমে যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া। তবে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা থাকায় এই উদ্যোগ সফল করতে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে। ফলে এ পথে সফলতা পাওয়া কঠিন। দ্বিতীয়ত, সংসদীয় তদন্ত ও কঠোর নজরদারির মাধ্যমে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা। তৃতীয়ত, সরকারের বাজেট ও তহবিল বরাদ্দের ওপর নিজেদের নিয়ন্ত্রণ কাজে লাগানো।
রাজনীতিতে ‘পাওয়ার অব দ্য পার্স’ নামে পরিচিত বাজেট নিয়ন্ত্রণের ক্ষমতাকে কাজে লাগিয়ে ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধ করতে চান ডেমোক্র্যাটরা। তবে এই কৌশল কার্যকর হওয়ার পাশাপাশি বেশ ঝুঁকিপূর্ণও। বাজেট নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাত তৈরি হলে সরকারি কার্যক্রমে অচলাবস্থা দেখা দিতে পারে। এতে সাধারণ সরকারি কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি, ডেমোক্র্যাটদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তোলার সুযোগ পাবে হোয়াইট হাউস।
হরমুজ প্রণালির অচলাবস্থা, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা এবং ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব—সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। নতুন কংগ্রেসের পূর্ণ কার্যক্রম শুরু হলে ইরান যুদ্ধ বন্ধের প্রশ্নে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের এই রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর থাকবে বিশ্ববাসীর।
মন্তব্য করুন