যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ইহুদি ভোটারদের অর্ধেকের সমর্থন পেয়েছেন নবনির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর আবদুল এল-সাইয়েদ। নির্দলীয় ইহুদি সংগঠন দ্য জুইশ মেজরিটির অর্থায়নে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, এল-সাইয়েদ পেয়েছেন ৫০ শতাংশ ইহুদি ভোটারের সমর্থন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ৪৩ শতাংশ।
ইসরায়েলের কঠোর সমালোচক হিসেবে পরিচিত এল-সাইয়েদের সঙ্গে ইহুদি ভোটারদের সম্পর্ক নির্বাচনী প্রচারের পুরো সময়জুড়েই আলোচনায় ছিল। বিশেষ করে ইসরায়েলবিরোধী অবস্থানের কারণে তাঁর প্রার্থিতা নিয়ে বিতর্ক তৈরি হয়। মিশিগানের একটি সিনাগগে সন্ত্রাসী হামলার পর এল-সাইয়েদের একটি মন্তব্যও সমালোচনার জন্ম দেয়। ওই ঘটনার পর তিনি বলেছিলেন, ‘আহত মানুষই অন্যকে আঘাত করে।’ পরে এ মন্তব্যের জন্য ক্ষমা চান তিনি। এসব কারণে ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটদের সমর্থন দিয়ে আসা ইহুদি ভোটাররা এবার তাঁকে কতটা সমর্থন করবেন, তা নিয়ে নির্বাচনের আগে জল্পনা তৈরি হয়েছিল।
গত ২৫ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স পরিচালিত জরিপে মিশিগানের ৮৮৩ জন ইহুদি ভোটারের মতামত নেওয়া হয়। জরিপের ত্রুটির হার ৩ দশমিক ৯ শতাংশ। ফলাফলে দেখা গেছে, রাজ্যজুড়ে ইহুদি ভোটারদের মধ্যে রজার্সের চেয়ে ৭ শতাংশ পয়েন্ট বেশি সমর্থন পেয়েছেন এল-সাইয়েদ। তবে জরিপে ৪ শতাংশ ভোটার সিনেট নির্বাচনে ভোট দেননি এবং ৩ শতাংশ অন্য প্রার্থীকে সমর্থন করেছেন।
তবে একই জরিপে ডেমোক্র্যাট গভর্নর পদপ্রার্থী জোসেলিন বেনসনের তুলনায় পিছিয়ে ছিলেন এল-সাইয়েদ। ইহুদি ভোটারদের মধ্যে বেনসন পেয়েছেন ৬৯ শতাংশের সমর্থন, যা এল-সাইয়েদের চেয়ে ১৯ শতাংশ পয়েন্ট বেশি। অন্যদিকে, ইহুদি জনগোষ্ঠীর ঘনবসতিপূর্ণ ওকল্যান্ড কাউন্টিতে চিত্র ছিল ভিন্ন। সিনাগগে হামলার ঘটনাটিও এই কাউন্টিতে ঘটেছিল। সেখানে ইহুদি ভোটারদের মধ্যে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ৫২ শতাংশ ভোট। এল-সাইয়েদের সমর্থন ছিল ৩৯ শতাংশ।
প্রসঙ্গত, মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ ২৫ লাখ ২০ হাজার ৮৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোটের ৫২ দশমিক ৫ শতাংশ পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মাইক রজার্স পেয়েছেন ২১ লাখ ৮১ হাজার ১০৮ ভোট, যা মোট ভোটের ৪৫ দশমিক ৫ শতাংশ।
মন্তব্য করুন