যুক্তরাষ্ট্রে অবসরকালীন সঞ্চয়ের সুযোগ বাড়ছে। ২০২৭ সালের জন্য কর্মীদের ৪০১(কে) অবসর তহবিলে অর্থ জমার সর্বোচ্চ সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস)। নতুন নিয়মে একজন কর্মী বছরে সর্বোচ্চ ২৫ হাজার ৫০০ ডলার জমা দিতে পারবেন। ২০২৬ সালে এই সীমা ছিল ২৪ হাজার ৫০০ ডলার। অর্থাৎ আগামী বছর কর্মীরা অতিরিক্ত ১ হাজার ডলার সঞ্চয়ের সুযোগ পাবেন।
আইআরএসের ১২ নভেম্বর প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, শুধু ৪০১(কে) নয়, ৪০৩(বি), সরকারি ৪৫৭ পরিকল্পনা এবং ফেডারেল সরকারি কর্মীদের থ্রিফট সেভিংস প্ল্যানেও একই সীমা কার্যকর হবে। ৫০ বছর বা তার বেশি বয়সী কর্মীদের জন্য অতিরিক্ত অর্থ জমার সুযোগও বাড়ানো হয়েছে। ২০২৭ সালে তাঁরা নিয়মিত সীমার বাইরে আরও ৮ হাজার ৫০০ ডলার জমা দিতে পারবেন। ফলে এ বয়সী কর্মীদের জন্য বছরে মোট সঞ্চয়ের সীমা দাঁড়াবে ৩৪ হাজার ডলার। অন্যদিকে ৬০ থেকে ৬৩ বছর বয়সীদের জন্য বিশেষ ক্যাচ-আপ সুবিধায় অতিরিক্ত জমার সীমা ১১ হাজার ৭৫০ ডলার নির্ধারণ করা হয়েছে।
তবে ব্যক্তিগত অবসর সঞ্চয় হিসাব বা আইআরএর ক্ষেত্রে বার্ষিক জমার সীমা অপরিবর্তিত থাকছে। ২০২৭ সালেও এ হিসাবে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ ডলার জমা দেওয়া যাবে। ৫০ বছর বা তার বেশি বয়সীদের জন্য অতিরিক্ত জমার সীমা থাকবে ১ হাজার ১০০ ডলার। এ ছাড়া সিম্পল অবসর সঞ্চয় হিসাবে বার্ষিক জমার সীমা ১৭ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৭ হাজার ৫০০ ডলার করা হয়েছে। নির্দিষ্ট কিছু সিম্পল পরিকল্পনায় এ সীমা ১৮ হাজার ১০০ ডলার থেকে বেড়ে ১৯ হাজার ১০০ ডলার হবে।
অবসরকালীন সঞ্চয়ের পাশাপাশি রথ আইআরএতে অর্থ জমার যোগ্যতা নির্ধারণে আয়ের সীমাও বাড়িয়েছে আইআরএস। ২০২৭ সালে একক করদাতা ও পরিবারের প্রধান হিসেবে কর জমাদানকারীদের ক্ষেত্রে এ আয়ের সীমা ১ লাখ ৫৮ হাজার থেকে ১ লাখ ৭৩ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। যৌথভাবে কর জমা দেওয়া বিবাহিত দম্পতিদের ক্ষেত্রে সীমা ২ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ ৬০ হাজার ডলার।
আইআরএস জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে অবসরকালীন সঞ্চয়ের এসব সীমা সমন্বয় করা হয়েছে। নতুন সীমা ২০২৭ করবর্ষ থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রে কর্মরত যেসব বাংলাদেশি প্রবাসী ৪০১(কে), আইআরএ কিংবা অন্যান্য অবসরকালীন সঞ্চয় পরিকল্পনায় অর্থ জমা রাখেন, তাঁদের জন্য নতুন ঘোষণা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁরা অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বেশি অর্থ সঞ্চয় করতে চান, তাঁদের আগামী বছরের পরিকল্পনায় নতুন সীমাগুলো বিবেচনায় নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
মন্তব্য করুন