যুক্তরাষ্ট্রে চাকরির মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিনকার্ড পাওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে দেশটির শ্রম বিভাগ। কর্মসংস্থানভিত্তিক অভিবাসনের গুরুত্বপূর্ণ ধাপ পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বা PERM প্রক্রিয়া আধুনিক করার পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। প্রস্তাবিত পরিবর্তন কার্যকর হলে বিদেশি কর্মীদের গ্রিনকার্ডের জন্য স্পনসর করা প্রতিষ্ঠানগুলোর নিয়োগসংক্রান্ত দায়িত্ব ও শর্ত বাড়তে পারে।
যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের অধীন কর্মসংস্থান ও প্রশিক্ষণ প্রশাসন (ETA) এ উদ্যোগ নিয়ে কাজ করছে। এর মূল লক্ষ্য হলো বিদেশি কর্মী নিয়োগের আগে যোগ্য মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ নিশ্চিত করা এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো।
বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো মার্কিন প্রতিষ্ঠান বিদেশি কর্মীকে স্থায়ীভাবে নিয়োগ দিয়ে গ্রিনকার্ডের আবেদন করতে চাইলে সাধারণত প্রমাণ করতে হয় যে সংশ্লিষ্ট পদে যোগ্য ও আগ্রহী মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না। এ জন্য চাকরির বিজ্ঞাপন প্রকাশ, উপযুক্ত কর্মী খোঁজা এবং নির্ধারিত নিয়োগপ্রক্রিয়া অনুসরণ করতে হয়।
শ্রম বিভাগের প্রস্তাবিত উদ্যোগে যোগ্য মার্কিন কর্মী খোঁজার ন্যূনতম মানদণ্ড আধুনিক করা, কর্মী ছাঁটাইয়ের পর মার্কিন কর্মীদের সুরক্ষা জোরদার এবং নিয়োগে বৈষম্য প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি নিয়োগকর্তাদের নিয়ম মেনে নিয়োগ কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের বাধ্যবাধকতা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন