যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় বিদেশি ভ্রমণকারীদের পাসপোর্টে নিয়মিতভাবে স্ট্যাম্প দেওয়ার প্রথা বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন বা সিবিপি। সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে প্রাথমিক যাচাই পর্যায়ে এই পরিবর্তন আনা হচ্ছে। ১ অক্টোবর ২০২৬ সিবিপির ক্যারিয়ার লিয়াজোঁ প্রোগ্রামের মাধ্যমে প্রকাশিত এক বুলেটিনে বিষয়টি জানানো হয়।
নতুন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রথম চেকপয়েন্ট অর্থাৎ প্রাইমারি স্ক্রিনিং পর্যায়ে আর নিয়মিতভাবে পাসপোর্টে প্রবেশের স্ট্যাম্প দেওয়া হবে না। সিবিপি জানিয়েছে, সীমান্ত প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় ফরম, মোবাইল সেবা এবং ফেসিয়াল বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবেই এ পরিবর্তন আনা হচ্ছে। নিয়মিত স্ট্যাম্প দেওয়ার প্রক্রিয়া বাদ দিলে প্রাথমিক যাচাইয়ে কর্মকর্তাদের সময় কমবে এবং পরিচালন ব্যয়ও কমবে বলে জানিয়েছে সংস্থাটি।
তবে পাসপোর্টে স্ট্যাম্প দেওয়া পুরোপুরি বন্ধ হচ্ছে না। কোনো ভ্রমণকারীকে অতিরিক্ত যাচাইয়ের জন্য সেকেন্ডারি স্ক্রিনিংয়ে পাঠানো হলে কর্মকর্তারা স্ট্যাম্প দিতে পারবেন। এ ছাড়া ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়াকরণের মতো নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রাইমারি স্ক্রিনিংয়েও স্ট্যাম্প দেওয়া হতে পারে। পাসপোর্টে প্রবেশের একটি শারীরিক রেকর্ড রাখতে চান এমন ভ্রমণকারীরাও সিবিপি কর্মকর্তার কাছে অনুরোধ করলে স্ট্যাম্প নিতে পারবেন।
বুলেটিনে নতুন নিয়ম কার্যকর হওয়ার নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। সিবিপি জানিয়েছে, চলমান সীমান্ত আধুনিকায়ন কর্মসূচির অংশ হিসেবেই নিয়মিত স্ট্যাম্প দেওয়ার প্রথা বন্ধ করা হবে। পাসপোর্টে স্ট্যাম্প না থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশের সরকারি রেকর্ড থাকবে। বিদেশি ভ্রমণকারীদের জন্য ইলেকট্রনিক ফর্ম I-94 হলো প্রবেশ ও প্রস্থানের সরকারি রেকর্ড। সিবিপির তথ্য অনুযায়ী, এই রেকর্ডে যুক্তরাষ্ট্রে প্রবেশের তারিখ, ভিসার শ্রেণি এবং অনুমোদিত অবস্থানের শেষ তারিখসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষিত থাকে।
যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ভ্রমণকারীরা সরকারি I-94 সেবার মাধ্যমে নিজেদের প্রবেশের তথ্য, ইমিগ্রেশন স্ট্যাটাস এবং অনুমোদিত অবস্থানের মেয়াদ দেখতে পারবেন। প্রয়োজন হলে এই রেকর্ডের কপি দেখানো বা প্রিন্ট করাও সম্ভব। সরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান বা নিয়োগকর্তার কাছে বৈধ প্রবেশের প্রমাণ দেওয়ার ক্ষেত্রেও I-94 গুরুত্বপূর্ণ নথি হিসেবে ব্যবহৃত হয়।
সিবিপি জানিয়েছে, কারও I-94 রেকর্ডে ভুল থাকলে তা সংশোধনের জন্য সংশ্লিষ্ট সিবিপি অফিসের সঙ্গে যোগাযোগ করা উচিত। ফলে নতুন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ভ্রমণকারীদের নিজেদের I-94 রেকর্ড যাচাই করে নেওয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। শিক্ষার্থী, কর্মজীবী এবং দর্শনার্থী ভিসাধারীদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ পাসপোর্টে নিয়মিত স্ট্যাম্প না থাকলেও যুক্তরাষ্ট্রে কতদিন থাকার অনুমতি দেওয়া হয়েছে এবং প্রবেশের বৈধ রেকর্ড কী, তা I-94-তেই সংরক্ষিত থাকবে।
মন্তব্য করুন