যুক্তরাষ্ট্রের মিশিগানের হেমট্রামিকে দুই দিনব্যাপী জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল। সুন্নি অ্যালায়েন্স অব নর্থ আমেরিকার আয়োজনে গত ১৫ ও ১৬ আগস্ট জোসেফ ক্যাম্প রোডে এই উৎসবটির আয়োজন করা হয়।
শায়ক আবদুল করীম ইয়াইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে ইসলামিক স্কলারদের উপস্থিতিতে ইসলামের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ ফখরুল ইসলাম ও মাওলানা কবীর আহমেদ। উৎসবের প্রধান আকর্ষণ ছিল আন্তর্জাতিক মানের কারী ও শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত কিরাত ও নাশিদ।
উৎসবে নিরাপত্তা জনিত কারণে রবিবার সমাপনী দিনে বাদ মাগরিব স্টেজের পাশে এক ব্যক্তিকে নিয়ে সন্দেহ দেখা দেয়। এ সময় নিরাপত্তার খাতিরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় এক ঘণ্টার জন্য ফেস্টিভ্যালের কার্যক্রম স্থগিত রাখা হয়। পরবর্তীতে পুলিশের স্পেশাল টিম ঘটনাটি পরীক্ষা-নিরীক্ষা করে পুনরায় নির্ধারিত কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি প্রদান করে।

এর আগে উৎসবের দুপুরে একটি বর্ণাঢ্য গ্র্যান্ড প্যারেড র্যালি বের করা হয়, যা হেমট্রামিকের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উৎসবের প্রথম দিন আল মিজবাহ ইনস্টিটিউটের প্রথম ব্যাচের পাঁচজন শিক্ষার্থীকে তাদের পাঁচ বছর ব্যাপী আলেম কোর্স সফলভাবে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ গ্র্যাজুয়েশন উপলক্ষে পাগড়ি পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। কৃতি এই শিক্ষার্থীরা হলেন হাফিজ মাহমুদ মারজান, হাফিজ আরিফ হোসাইন, হাফিজ আরজু হোসাইন, শামস সুমিন ও তাহসিন ইসলাম।
উৎসব প্রাঙ্গণে নান্দনিক পোশাক, গহনা ও বিভিন্ন পণ্যের স্টলের পাশাপাশি নানা ধরনের সুস্বাদু খাবারের সমাহার ছিল। দুই দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসব বিশেষ মোনাজাত ও দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন