মিশিগানে বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম) ইউএস আয়োজিত ১৭তম বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ জুলাই ওয়ারেন সিটি স্কয়ারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ আয়োজন বাংলাদেশী আমেরিকান কমিউনিটির ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশী ও আমেরিকান জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে উৎসবের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন মিশিগান বামের সভাপতি ইব্রাহিম জাভেদ চৌধুরীর সভাপতিত্বে এবং বামের উপদেষ্টা সুমন কবিরের উপস্থাপনায় ওয়ারেন সিটির মেয়র লরি স্টোনসহ মূল ধারার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলা স্কুল অব মিউজিক মিশিগান ইউএস-এর শিক্ষানবীশ শিল্পীরা জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ওয়ারেন সিটির মেয়র লরি স্টোনসহ মূল ধারার রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ এসোসিয়েশন বাম প্রতিবছরের মতো এবারও অত্যন্ত আনন্দঘন পরিবেশে সুন্দর আয়োজনের মাধ্যমে বাংলাদেশী আমেরিকান কমিউনিটির ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সেতুবন্ধন, মায়া-মমতা ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। তারা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

বাম সভাপতি ইব্রাহিম জাভেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তিনি উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্টেট থেকে আগত অতিথি এবং এ আয়োজনের স্পন্সরদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ এসোসিয়েশন দীর্ঘদিন ধরে মিশিগানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে তিনি সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বামের ট্রাস্টি বোর্ডের সদস্য মতিন চৌধুরী, প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আহাদ আহমদ, লুতফুল বারী নিওন, আমিনুর রশিদ চৌধুরী, কাপ্তান লুতফুল বারী নিওন, মতিউর রহমান শিমু, জসীম চৌধুরী, মুকুল খান লিটন, লুতফুর রহমান লিটন, আহাদ মোহাম্মদ, রশী মীর, শারমিন তানিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন স্টেট থেকে আগত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মরহুম বদরুদ্দোজা চৌধুরীর সহকারী একান্ত সচিব তৈমুর হোসেন বিপুল, বিএনপি নিউইয়র্ক উত্তর-এর সভাপতি আহবাব চৌধুরী খোকন, খায়রুল খান বদরুদ্দোজা রুয়েলসহ আরও অনেকে। সাংস্কৃতিক পর্বে সংগীত শিল্পী কনা, মুজা, অনিক রাজ, কালা মিয়া, রনি, বাংলা স্কুলের শিক্ষানবীশ শিল্পীবৃন্দ, আমজাদ এবং টেন এনড হাফ ব্যান্ডসহ সংগীতের বিভিন্ন পর্যায়ের শিল্পীরা পরিবেশনা উপস্থাপন করেন, যা দর্শকদের মুগ্ধ করে।
ফেস্টিভ্যালের সমাপনী দিনে বামের নেতৃবৃন্দ র্যাফেল ড্রয়ের বিজয়ীর কাছে গাড়ি হস্তান্তর করেন। গাড়িটি স্পন্সর করেন বেঙ্গল অটো সেলসের মালিক গিয়াস তালুকদার। মেলায় বাহারি পোশাক, মুখরোচক খাবার এবং বিভিন্ন ধরনের স্টল অংশ নেয়। স্টল সংশ্লিষ্টরা জানান, তাদের বেচাকেনা ভালো হয়েছে এবং তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে বামের নবাগত সভাপতি আবারও তাকে সভাপতি নির্বাচিত করায় সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সবার সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন