শিব মন্দির ‘টেম্পল অব জয়’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত বার্ষিক বনভোজন। শহরের মেমোরিয়াল ফিল্ড পার্কে আয়োজিত এ বনভোজন দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি আড্ডা, আনন্দ, খেলাধুলা এবং পারিবারিক বন্ধনে ভরপুর হয়ে ওঠে।
বনভোজনের শুরু থেকেই শিশু, কিশোর, নারী ও পুরুষদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু ও কিশোরদের জন্য অনুষ্ঠিত দৌড় প্রতিযোগিতা দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জনপ্রিয় হাড়িভাঙা ও পিলো গেম। একই সঙ্গে নারী ও পুরুষদের অংশগ্রহণে অনুষ্ঠিত রশি টানাটানি প্রতিযোগিতা দিনটির অন্যতম আকর্ষণে পরিণত হয়।
দিনের আরেকটি বড় আকর্ষণ ছিল বারবিকিউ পার্টি। গ্রিলের সুগন্ধে পুরো পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বিকেলে অতিথিদের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের বাঙালি খাবার। প্রবাসে থেকেও দেশীয় স্বাদের এই আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ আনন্দের আবহ তৈরি করে। বনভোজনের বিশেষ পর্বে বিশ্ব বাবা দিবস উপলক্ষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। এতে উপস্থিত পরিবারগুলোর মধ্যে আবেগঘন ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও র্যাফেল ড্র। মোট ১২টি আকর্ষণীয় পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি আইফোন জিতে নেন কৃপাময় পাল। দ্বিতীয় পুরস্কার হিসেবে টেলিভিশন লাভ করেন কুলেন্দু পাল এবং তৃতীয় পুরস্কার হিসেবে ল্যাপটপ পান অশোক দাশ।
অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধার উদারতা। র্যাফেল ড্রতে দুটি পুরস্কার জিতলেও তিনি সেগুলো নিজের কাছে না রেখে মন্দিরে দান করেন, যা উপস্থিতদের প্রশংসা কুড়ায়। আয়োজকদের মতে, এই বনভোজন শুধু বিনোদনের আয়োজন নয়, বরং প্রবাসী বাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
মন্তব্য করুন