যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে। ৫ অক্টোবর, রবিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল এটিএম আবদুর রউফ মন্ডল এবং বাংলাদেশের এম্বাসি ওয়াশিংটনের প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মোর্তোজা ।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ প্রবাসীদের সহজ প্রক্রিয়ার মধ্য দিয়ে এনআইডি কার্ড প্রদান করা হবে বলে জানান। যার মধ্য দিয়ে প্রথমবারের মত প্রবাসীরা ভোট প্রদান করতে পারবেন। এ সংক্রান্ত যাবতীয় বিষয় ওয়েবসাইটে প্রদান করা হবে।
উল্লেখ্য নিউইর্য়ক, মিয়ামি ও লসঅ্যাঞ্জেলসের বাংলাদেশ কনস্যুলেটেও এনআইডি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ কমিউনিটির অনেকে উপস্থিত ছিলেন।
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ণের জন্য যে সকল দলিলাদি প্রয়োজন হবে, তা নিম্নে দেয়া হলো:
(ক) আবশ্যকীয় দলিলাদি :
(১) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (নিবন্ধন ফরম-২ ক)*
(২) বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের কপি (অনলাইন ফেরিফাইড)*
(৩) মেয়াদ সম্বলিত বাংলাদেশি পাসপোর্টের কপি/মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি/বিদেশী পাসপোর্টের কপি/সংশ্লিষ্ট দেশে বসবাসকারী তিনজন বাংলাদেশি এনআইডিধারী ব্যক্তি কর্তৃক বাংলাদেশি নাগরিক মর্মে (নির্ধারিত ফরমে) প্রত্যয়নপত্র।*
(৪) আবেদনকারীর পিতা-মাতার এনআইডির কপি/বাংলাদেশি অনলাইন জন্ম নিবন্ধন সনদের কপি/বাংলাদেশি মৃত্যু সনদের কপি (মৃত হলে/পাসপোর্টের কপি/ওয়ারিশ সনদের কপি/বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি। *
(৫) পাসপোর্ট সাইজের ১ কপি রঙিন ছবি। *
(খ) অন্যান্য দলিলাদি (প্রযোজ্য ক্ষেত্রে)
(১) শিক্ষা সনদের কপি (SSC/Equivalent Certificate/JSC/PEC সনদ)
(২) নির্বাচন কমিশন কর্তৃক ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা/থানা এর জন্য অতিরিক্ত তথ্য সম্বলিত ‘বিশেষ তথ্য ফরম’ (বিশেষ এলাকার ভোটারদের জন্য জারীকৃত পরিপত্রে উল্লিখিত ‘সি’ ক্যাটাগরির আবেদনকারীদের জন্য)।
(৩) দ্বৈত নাগরিকত্ব সনদের কপি।
(৪) নিকাহনামা (Marriage Certificate) ও স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র।
(৫) ড্রাইভিং লাইসেন্স
(৬) টি.আই.এন
(৭) আবেদনকারীর নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও/প্রশাসক কর্তৃক)।
(৮) সংশ্লিষ্ট ঠিকানা সম্বলিত ইউটিলিটি বিলের কপি/হোল্ডিং ট্যাক্স রশিদ।
উল্লেখ্য যে, ক্রমিক (ক) এ বর্ণিত তারকা (*) চিহ্নিত আবশ্যকীয় দলিলাদি নিবন্ধন কেন্দ্রে জমা প্রদান করতে হবে। অন্যদিকে ক্রমিক (খ) এ বর্ণিত প্রয়োজনীয় অন্যান্য দলিলাদিও নিবন্ধন কেন্দ্রে জমা দেয়া যাবে। সম্ভব না হলে, আবেদনকারীর পক্ষে বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধির মাধ্যমে উক্ত দলিলাদি তদন্তকারী কর্মকর্তা তথা রেজিস্ট্রেশন অফিসার (সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার) এর নিকট প্রদান করতে হবে।
এছাড়া প্রবাসীদের জন্য নির্ধারিত ‘ফরম-২ক’ এ প্রদত্ত তথ্যাদির ভিত্তিতে সংশ্লিষ্ট ভোটার এলাকার উপজেলা/থানা নির্বাচন অফিসার কর্তৃক সরেজমিন তদন্ত প্রতিবেদন আবশ্যক হবে।
মন্তব্য করুন