মানুষের সুস্থতার কথা বললে আমরা সাধারণত শারীরিক স্বাস্থ্যের কথাই আগে ভাবি। অথচ মানসিক স্বাস্থ্যও সামগ্রিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ। আমাদের চিন্তা, অনুভূতি, আচরণ, সম্পর্ক, কর্মক্ষমতা এবং জীবনের সিদ্ধান্ত- সবকিছুর সঙ্গে মানসিক স্বাস্থ্যের গভীর সম্পর্ক রয়েছে।
মানসিক অসুস্থতা বা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা এমন কিছু অবস্থাকে বোঝায়, যা একজন মানুষের চিন্তাভাবনা, আবেগ, আচরণ ও দৈনন্দিন কার্যক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন সৃষ্টি করতে পারে। বিষণ্নতা, উদ্বেগজনিত ব্যাধি, বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার বা ব্যক্তিত্বজনিত বিভিন্ন সমস্যা এর উদাহরণ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—মানসিক অসুস্থতা কোনো ব্যক্তিগত দুর্বলতা, ইচ্ছাশক্তির অভাব কিংবা চরিত্রগত ত্রুটি নয়। এটি চিকিৎসাবিজ্ঞানের স্বীকৃত একটি স্বাস্থ্যগত বিষয়। সময়মতো শনাক্তকরণ, যথাযথ চিকিৎসা এবং সামাজিক সহায়তার মাধ্যমে অনেক মানুষই স্বাভাবিক ও অর্থবহ জীবনযাপন করতে পারেন।
কেন মানসিক অসুস্থতা হয়?
মানসিক রোগের অধিকাংশের পেছনে একক কোনো কারণ থাকে না। সাধারণত জৈবিক, জেনেটিক, মানসিক ও সামাজিক—একাধিক কারণ একসঙ্গে কাজ করে।
পরিবারে কোনো নির্দিষ্ট মানসিক রোগের ইতিহাস থাকলে কিছু সমস্যার ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। তবে পরিবারের কারও মানসিক রোগ আছে মানেই অন্য সদস্যেরও সেটি হবে—এমন নয়। জিনের পাশাপাশি পরিবেশ ও জীবনের অভিজ্ঞতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শৈশবের নির্যাতন বা অবহেলা, দীর্ঘদিনের মানসিক চাপ, পারিবারিক বা সম্পর্কগত সমস্যা, আর্থিক অনিশ্চয়তা, একাকিত্ব, মাদক বা অ্যালকোহলের অপব্যবহার এবং বড় ধরনের জীবনঘটনা কারও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কিছু শারীরিক সমস্যাও মানসিক লক্ষণ সৃষ্টি বা বাড়িয়ে দিতে পারে। যেমন থাইরয়েডের অসুখ, কিছু স্নায়বিক রোগ, হরমোনের ভারসাম্যহীনতা, ঘুমের সমস্যা কিংবা নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কখনও বিষণ্নতা, উদ্বেগ বা আচরণগত পরিবর্তনের মতো উপসর্গ তৈরি করতে পারে। তাই মানসিক রোগকে কেবল ‘মনের সমস্যা’ হিসেবে দেখা সঠিক নয়। মস্তিষ্ক, শরীর, পরিবেশ এবং জীবনের অভিজ্ঞতা—সবকিছুর পারস্পরিক সম্পর্ক এর সঙ্গে জড়িত থাকতে পারে।
কোন লক্ষণগুলো গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন?
মানসিক সমস্যার লক্ষণ ব্যক্তি ও রোগভেদে ভিন্ন হয়। কিছু সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে দীর্ঘদিন মন খারাপ থাকা, কোনো কিছুতে আগ্রহ বা আনন্দ হারিয়ে ফেলা, অতিরিক্ত ভয় বা দুশ্চিন্তা, ঘুমের ধরনে বড় পরিবর্তন, ক্ষুধা বা ওজনের অস্বাভাবিক পরিবর্তন, মনোযোগ কমে যাওয়া এবং সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়া। এ ছাড়া পরিবার ও বন্ধুদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, কাজ বা পড়াশোনায় আগ্রহ কমে যাওয়া, অস্বাভাবিক রাগ বা মেজাজের ওঠানামা, নিজের সম্পর্কে অতিরিক্ত নেতিবাচক ধারণা কিংবা মাদকদ্রব্যের ওপর নির্ভরশীলতা বাড়াও মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। তবে এক-দুই দিনের মন খারাপ বা কোনো বিশেষ পরিস্থিতিতে দুশ্চিন্তা হওয়াকে মানসিক রোগ বলা যায় না। মানুষের আবেগের স্বাভাবিক ওঠানামা রয়েছে। সমস্যা তখনই গুরুত্ব পাওয়ার দাবি রাখে, যখন উপসর্গ দীর্ঘস্থায়ী হয়, ক্রমশ বাড়ে অথবা ব্যক্তির স্বাভাবিক জীবন, সম্পর্ক, পড়াশোনা বা কর্মক্ষেত্রকে ব্যাহত করতে শুরু করে।
কখন জরুরি সাহায্য প্রয়োজন?
কিছু লক্ষণকে মানসিক স্বাস্থ্য সংকট হিসেবে বিবেচনা করা উচিত। কেউ যদি আত্মহত্যা বা আত্মক্ষতির কথা বলেন, নিজের বা অন্যের ক্ষতি করার পরিকল্পনা করেন, বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, হ্যালুসিনেশন বা গুরুতর বিভ্রমে ভোগেন, অথবা নিজের দৈনন্দিন প্রয়োজনও পূরণ করতে না পারেন—তাহলে দ্রুত পেশাদার চিকিৎসা সহায়তা প্রয়োজন। এ ধরনের পরিস্থিতিকে ‘মন ভালো হয়ে যাবে’ বলে উপেক্ষা করা উচিত নয়। আক্রান্ত ব্যক্তিকে একা না রেখে নিরাপদ পরিবেশে রাখা এবং যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতাল বা জরুরি চিকিৎসাসেবার সঙ্গে যোগাযোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রোগ নির্ণয় কীভাবে করা হয়?
বেশিরভাগ মানসিক রোগ নির্ণয়ের জন্য কোনো একটি রক্ত পরীক্ষা, স্ক্যান বা মেশিননির্ভর পরীক্ষা নেই। একজন মনোরোগ বিশেষজ্ঞ বা প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা পেশাজীবী রোগীর উপসর্গ, তার স্থায়িত্ব, দৈনন্দিন জীবনে প্রভাব, পূর্বের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ইতিহাস, পারিবারিক ইতিহাস এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিষয় মূল্যায়ন করে রোগ নির্ণয় করেন। কখনও শারীরিক রোগ মানসিক সমস্যার মতো উপসর্গ সৃষ্টি করতে পারে। তাই প্রয়োজন হলে চিকিৎসক রক্ত পরীক্ষা, শারীরিক পরীক্ষা কিংবা অন্যান্য পরীক্ষা করাতে পারেন। সঠিক রোগ নির্ণয় গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন মানসিক সমস্যার লক্ষণ অনেক সময় পরস্পরের সঙ্গে মিলে যায়। একই ব্যক্তির একাধিক মানসিক স্বাস্থ্য সমস্যাও একসঙ্গে থাকতে পারে।
চিকিৎসা কি সম্ভব?
মানসিক রোগের চিকিৎসা সম্ভব এবং বহু ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। রোগের ধরন ও তীব্রতার ওপর নির্ভর করে চিকিৎসার পদ্ধতি ভিন্ন হয়। সাইকোথেরাপি বা কথোপকথনভিত্তিক চিকিৎসা মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশ। কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা ঈইঞ-সহ বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক চিকিৎসা ব্যক্তিকে নিজের চিন্তা, আবেগ ও আচরণের ধরন বুঝতে এবং প্রয়োজনীয় পরিবর্তন আনতে সাহায্য করতে পারে।
কিছু ক্ষেত্রে চিকিৎসক অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক, মুড স্ট্যাবিলাইজার বা উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধ দিতে পারেন। কোন ওষুধ প্রয়োজন, কতদিন নিতে হবে বা কখন পরিবর্তন করতে হবে—এসব সিদ্ধান্ত অবশ্যই চিকিৎসকের পরামর্শে নেওয়া উচিত।
গুরুতর বা প্রচলিত চিকিৎসায় পর্যাপ্ত সাড়া না দেওয়া কিছু অবস্থায় বিশেষায়িত চিকিৎসাপদ্ধতিও ব্যবহার করা হতে পারে। এসব চিকিৎসা নির্দিষ্ট পরিস্থিতিতে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই দেওয়া হয়।
ওষুধ বা থেরাপির পাশাপাশি নিয়মিত ঘুম, শারীরিক ব্যায়াম, পুষ্টিকর খাবার, মাদক থেকে দূরে থাকা, দৈনন্দিন রুটিন বজায় রাখা এবং পরিবার ও বন্ধুদের সহায়তা চিকিৎসার ফলকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে।
শিশু ও বয়স্কদের ক্ষেত্রে আলাদা নজর প্রয়োজন
শিশুদের মানসিক সমস্যার প্রকাশ বড়দের মতো নাও হতে পারে। অনেক সময় তারা দুঃখ বা উদ্বেগের কথা সরাসরি বলতে না পেরে বিরক্তি, আচরণগত পরিবর্তন, পড়াশোনায় অবনতি, ঘুমের সমস্যা অথবা সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নেওয়ার মাধ্যমে তা প্রকাশ করতে পারে। অন্যদিকে বয়স্কদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী শারীরিক অসুস্থতা, একাকিত্ব, প্রিয়জন হারানো, স্মৃতিশক্তির পরিবর্তন এবং বিভিন্ন ওষুধের প্রভাব মানসিক স্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে থাকতে পারে। তাই বয়স অনুযায়ী মূল্যায়ন ও চিকিৎসা জরুরি।
চিকিৎসা না নিলে কী হতে পারে?
সব মানসিক সমস্যাই একই রকম নয়। তবে গুরুতর সমস্যা দীর্ঘদিন চিকিৎসাবিহীন থাকলে ব্যক্তিগত সম্পর্ক, শিক্ষা, কর্মজীবন ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
কিছু মানুষের ক্ষেত্রে মাদক বা অ্যালকোহলের অপব্যবহার, সামাজিক বিচ্ছিন্নতা, কর্মক্ষমতা হ্রাস এবং আত্মক্ষতির ঝুঁকি বাড়তে পারে। এজন্য মানসিক সমস্যাকে অবহেলা না করে দ্রুত সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ।
মানসিক অসুস্থতা কি প্রতিরোধ করা যায়?
সব মানসিক রোগ সম্পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব নয়। তবে মানসিক সুস্থতা রক্ষার কিছু অভ্যাস ঝুঁকি কমাতে এবং সমস্যার প্রাথমিক পর্যায়ে সহায়তা করতে পারে।
পর্যাপ্ত ও নিয়মিত ঘুম, শারীরিকভাবে সক্রিয় থাকা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, মাদক ও অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে চলা, পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা এবং দীর্ঘস্থায়ী চাপ মোকাবিলার স্বাস্থ্যকর উপায় শেখা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—কষ্ট দীর্ঘস্থায়ী হলে সাহায্য চাইতে দেরি না করা। দ্রুত সহায়তা নেওয়া অনেক ক্ষেত্রেই সমস্যার তীব্রতা ও দীর্ঘমেয়াদি প্রভাব কমাতে পারে।
মানসিক রোগ মানেই আজীবন অসুস্থতা নয় মানসিক রোগের গতিপথ ব্যক্তিভেদে আলাদা। কেউ একটি নির্দিষ্ট সময়ের জন্য সমস্যায় ভুগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। কারও ক্ষেত্রে উপসর্গ মাঝেমধ্যে ফিরে আসতে পারে। আবার কিছু অবস্থার জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন হয়। তবে দীর্ঘমেয়াদি রোগ থাকা মানেই স্বাভাবিক জীবন অসম্ভব—এ ধারণাও ভুল। যথাযথ চিকিৎসা, নিজের যত্ন এবং পরিবার ও সমাজের সহায়তা নিয়ে অনেক মানুষ সফল কর্মজীবন, সুস্থ সম্পর্ক ও পরিপূর্ণ জীবন গড়ে তুলছেন।
আক্রান্ত ব্যক্তির পাশে থাকবেন কীভাবে?
মানসিক সমস্যায় ভোগা কাউকে সাহায্য করার প্রথম ধাপ হলো তার কথা মন দিয়ে শোনা। ‘এগুলো তোমার মনের ভুল’, ‘শক্ত হও’ অথবা ‘অন্যদের তো আরও সমস্যা আছে’—এ ধরনের মন্তব্য আক্রান্ত ব্যক্তিকে আরও বিচ্ছিন্ন করে দিতে পারে। বরং তাকে বোঝানো যেতে পারে যে সাহায্য চাওয়া দুর্বলতা নয়। প্রয়োজনে চিকিৎসক বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে সহযোগিতা করা, নিয়মিত যোগাযোগ রাখা এবং চিকিৎসা চালিয়ে যেতে উৎসাহ দেওয়া অত্যন্ত কার্যকর হতে পারে। মানসিক অসুস্থতা নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার ও নেতিবাচক ধারণাও চিকিৎসার পথে বড় বাধা। অনেকে ‘মানুষ কী বলবে’- এই ভয়ে সমস্যার কথা গোপন করেন। ফলে রোগ আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা থাকে।
সচেতনতাই হতে পারে পরিবর্তনের শুরু
মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা এখন আর বিলাসিতা নয়; এটি জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদ্রোগের জন্য চিকিৎসকের কাছে যান, তেমনি দীর্ঘস্থায়ী মানসিক কষ্টের জন্যও পেশাদার সহায়তা নেওয়া স্বাভাবিক বিষয় হওয়া উচিত। মানসিক রোগ সম্পর্কে সঠিক তথ্য জানা, আক্রান্ত ব্যক্তিকে বিচার না করা এবং প্রয়োজনের সময় চিকিৎসার সুযোগ তৈরি করা- এই তিনটি বিষয়ই সমাজে বড় পরিবর্তন আনতে পারে।
মনে রাখা প্রয়োজন, একটি রোগ কখনো একজন মানুষের পুরো পরিচয় নয়। মানসিক সমস্যায় আক্রান্ত একজন মানুষেরও স্বপ্ন, দক্ষতা, সম্পর্ক এবং মর্যাদা রয়েছে। চিকিৎসা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ আমাদের সহমর্মিতা।
শেষ কথা
মানসিক অসুস্থতা জটিল হলেও তা নিয়ে নিরাশ হওয়ার কারণ নেই। দ্রুত শনাক্তকরণ, বিজ্ঞানসম্মত চিকিৎসা, পরিবার ও সমাজের সহায়তা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে অসংখ্য মানুষ সুস্থ ও পরিপূর্ণ জীবন ফিরে পেতে পারেন। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে শুধু অসুস্থতা থেকে মুক্ত থাকা নয়; বরং নিজের অনুভূতি বোঝা, প্রয়োজনের সময় সাহায্য চাওয়া এবং অন্যের কষ্টের প্রতিও মানবিক হওয়া।
বিঃ দ্রঃ এই লেখাটি সাধারণ স্বাস্থ্যতথ্য ও সচেতনতার উদ্দেশ্যে প্রস্তুত। এটি কোনো ব্যক্তির রোগ নির্ণয় বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা দীর্ঘস্থায়ী হলে বা আত্মক্ষতি ও আত্মহত্যার চিন্তা দেখা দিলে দ্রুত যোগ্য চিকিৎসক বা নিকটস্থ জরুরি চিকিৎসাসেবার সহায়তা নেওয়া উচিত।
মন্তব্য করুন