যুক্তরাষ্ট্র কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভস ২০২৫ সালের জুনে পাস করেছে একটি নতুন কর বিল, যার নাম “One Big Beautiful Bill”। এই বিলটির উদ্দেশ্য হলো ২০১৭ সালের ‘Tax Cuts and Jobs Act ’ এর আওতায় যে কর সুবিধাগুলো সাময়িকভাবে চালু করা হয়েছিল, সেগুলোকে স্থায়ী করা।
বিলটির গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে রয়েছে ব্যক্তি ও দম্পতিদের আয়কর রেট হ্রাস, স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধি, পারিবারিক কর সুবিধা রক্ষা, ছোট ব্যবসায়ীদের জন্য ২০ শতাংশ ইনকাম ডিডাকশন স্থায়ীভাবে চালু রাখা এবং এন্টারপ্রাইজ জোন বা লোকাল ইনভেস্টমেন্টের জন্য কর ছাড় অব্যাহত রাখা।
বিশেষজ্ঞরা বলছেন, এই বিল পাস হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন মধ্যবিত্ত এবং স্বল্প আয়ের পরিবার, যারা স্ট্যান্ডার্ড ডিডাকশন ব্যবহার করেন। বাংলাদেশি পরিবার, যারা ছোট ব্যবসা পরিচালনা করেন বা সেলফ-এমপ্লয়েড, তাদের জন্য এটি কর কমানোর একটি সুযোগ হতে পারে। বর্তমানে ব্যক্তিগত করছাড় বা ডিডাকশন সুবিধাগুলো ২০২৫ সালে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তবে নতুন বিল পাস হলে সেগুলো আরও ১০ বছর বা স্থায়ীভাবে চালু থাকবে।
এই প্রস্তাবটি এখন সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রেসিডেন্ট যদি এটি অনুমোদন করেন, তবে ২০২৬ সালের ট্যাক্স মৌসুম থেকে এটি কার্যকর হবে।
এছাড়াও বিলটিতে কিছু ছোটখাটো পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ডিডাকশন, বৃদ্ধদের জন্য অতিরিক্ত কর ছাড় এবং স্বাস্থ্য বিমায় প্রিমিয়ামের ওপর কর সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই বিল বাস্তবায়িত হলে করদাতারা দীর্ঘমেয়াদে পরিকল্পনা করতে পারবেন এবং ব্যবসার পরিবেশ আরও স্থিতিশীল হবে।
মন্তব্য করুন