যুক্তরাষ্ট্রে ম্যাথিউ জাকারজেউস্কি নামে ৩৪ বছর বয়সী এক যুবকের সর্বোচ্চ ৬৯০ বছরের কারাদণ্ড হতে পারে। তিনি ১৬ জন ছেলে শিশুকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয় সূত্রে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
ম্যাথিউ জাকারজেউস্কির বিরুদ্ধে আনা ৩৪টি গুরুতর অপরাধের সব কটিতেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি টড স্পিৎজার বলেন, ‘একজন বেবিসিটারের বিশ্বাসঘাতকতার শিকার হয়ে অকল্পনীয় নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছিল এই অল্পবয়সী ছেলেরা।’
তিনি আরও বলেন, ‘এই বাচ্চাদের পিতামাতারা ভেবেছিলেন যে তাঁরা তাঁদের সন্তানদের জন্য বিশ্বস্ত ও যত্নশীল কাউকে নিয়োগ দিয়েছেন। পারিবারিক ছুটি কিংবা অন্য কোনো প্রয়োজনে তাঁরা বাচ্চাকে ঘরে রেখে যেতেন এই বেবিসিটারের ভরসায়। আর তাঁদের অজান্তেই ঘরে ঢুকত এক দানব। এই শিশুরা যে তাদের নির্যাতনকারীর বিরুদ্ধে দাঁড়িয়ে সাহসের সঙ্গে সাক্ষ্য দিয়েছে তাতে আমি সম্ভব গর্বিত।’
অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের তথ্যমতে, জাকারজেউস্কি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন পরিবারে একজন পুরুষ আয়া হিসেবে কাজ করেছেন । তিনি তাঁর ওয়েবসাইটে জানিয়েছেন যে অনেক ধরনের সেবাই তিনি দিয়ে থাকেন। পরামর্শদাতা থেকে শুরু করে বড় ভাইয়ের সম্পর্ক গড়ে তোলা, ছুটির সময়ে এবং সারা রাত শিশুকে দেখাশোনার সেবা তিনি দিয়ে থাকেন।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯ সালের ১৭ মের মধ্যে জাকারজেউস্কি এই অপরাধগুলো করেন । আগামী ১৭ নভেম্বর তাঁর সাজা ঘোষণা করা হবে। জাকারজেউস্কির সর্বোচ্চ ৬৯০ বছরের কারাদণ্ড হতে পারে ধারণা করা হচ্ছে।
২০১৯ সালের মে মাসে জাকারজেউস্কির দ্বারা সংঘটিত যৌন নিপীড়নের ঘটনা প্রথমবারের মতো প্রকাশ পায়। লেগুনা বিচের এক দম্পতি তখন পুলিশের কাছে জানায় যে বেবিসিটার জাকারজেউস্কি তাঁদের আট বছরের ছেলেকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছে।
জাকারজেউস্কির অধীনে থাকা অন্য শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান তাঁরা। অবিলম্বে তদন্ত শুরু করে লস অ্যাঞ্জেলেস শহরে জাকারজেউস্কির নিপীড়নের শিকার সাত বছর বয়সী এক শিশুসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে আরও ১০ ছেলেশিশুকে খুঁজে পায় পুলিশ।
মন্তব্য করুন