লন্ডন প্রবাসী ও হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজ জোবায়েরের মিশিগান আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান, ইউএসএ। তিনি লন্ডন থেকে সংক্ষিপ্ত এক সফরে মিশিগানে আসছিলেন।
২২ আগস্ট ২০২৬ শনিবার দুপুরে হ্যামট্রামিক শহরের একটি রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক শাহ মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়েন স্টেট ইউনিভার্সিটির লেকচারার ড. আবুল কালাম আজাদ, সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের স্থায়ী কমিটির চেয়ারম্যান সৈয়দ আলী রেজা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত ব্যকমতি হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের সাবেক ভিপি নজমুল আজিজ জোবায়ের।
এ সময় আরও বক্তব্য রাখেন তোফায়েল চৌধুরী, হবিগঞ্জ জেলা সমিতি অব মিশিগান ইউএসএ-এর সভাপতি মঈন উদ্দিন আহম্মদ চৌধুরী সাম্মু, সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা সমিতি অব মিশিগান ইউএসএ-এর সভাপতি কামরুজ্জামান রোমান, সাধারণ সম্পাদক সুরঞ্জিত সীল, মুজিবুর রহমান চৌধুরী, তারেক খান ও সৈয়দ তোফায়েল আহমেদ।
বক্তারা সাবেক ভিপি নজমুল আজিজ জোবায়েরের সঙ্গে তাদের শিক্ষা জীবনের বিভিন্ন স্মৃতি ও কলেজকেন্দ্রিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসে হবিগঞ্জের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি নজমুল আজিজ জোবায়েরের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন লুতফুল বারী চৌধুরী হাদী।
মন্তব্য করুন