বৃহত্তর সিলেটের সন্তান, একসময়ের সিলেট শহরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ সৈয়দ উতবা সম্প্রতি এক সংক্ষিপ্ত সফরে মিশিগান আসেন। বর্তমানে তিনি নিউইয়র্ক সিটি ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও ইউনিয়ন লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
সৈয়দ উতবার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে রয়েছে সাংবাদিকতা। তিনি ইতিপূর্বে সিলেট বার্তা ও বিডিনিউজসহ বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় কাজ করেছেন। পরবর্তীতে নিউইয়র্কে আসার পরও দেশের বিভিন্ন জাতীয় পত্রিকার সঙ্গে যুক্ত থেকে সাংবাদিকতা অব্যাহত রাখেন। বর্তমানে পুলিশ বিভাগে কর্মরত থাকার কারণে পেশাগতভাবে সাংবাদিকতা থেকে কিছুটা দূরে থাকলেও সংবাদ, সাংবাদিকতা, সাহিত্য-সংস্কৃতি ও সমাজসচেতন কর্মকাণ্ডের প্রতি তাঁর আগ্রহ ও সম্পৃক্ততা এখনো অটুট। বলা যায়, পেশাগত ব্যস্ততা তাঁকে সাংবাদিকতা থেকে কিছুটা দূরে রাখলেও তাঁর মন ও মননে সাংবাদিকতার চেতনা আজও গভীরভাবে প্রোথিত।
স্বল্প সময়ের এই মিশিগান সফরে সৈয়দ উতবা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিতে পরিচিত এই ব্যক্তিত্বের সঙ্গে মিশিগানের প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সামাজিক ও কমিউনিটি বিষয় নিয়েও আলাপচারিতা হয়।
এরই ধারাবাহিকতায় সাংবাদিকতা এবং ন্যায় ও সত্যের পক্ষে সোচ্চার থাকার দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন সৈয়দ উতবা মিশিগান থেকে নিয়মিত প্রকাশিত পত্রিকা বাংলা সংবাদ-এর সম্পাদক ইকবাল ফেরদৌসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
মিশিগানের হ্যামট্রামিকস্থ বাংলা সংবাদ কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাতে সৈয়দ উতবাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান সম্পাদক ইকবাল ফেরদৌস। এ সময় তাঁদের মধ্যে নিউইয়র্ক ও মিশিগানে বসবাসরত বাংলাদেশিসহ অভিবাসী জনগোষ্ঠীর যুক্তরাষ্ট্রে বর্তমান জীবনযাত্রা, সামাজিক বাস্তবতা, প্রবাসের নানা চ্যালেঞ্জ এবং কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় হয়।
আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন কবি, সাংবাদিক ও গীতিকার ইশতিয়াক রুপু এবং কবি, সাংবাদিক ও সমাজকর্মী সঞ্জয় দেব। সৈয়দ উতবার এই সংক্ষিপ্ত মিশিগান সফর নিউইয়র্ক ও মিশিগানের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিতজনদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও দৃঢ় করার একটি সুন্দর উপলক্ষ হয়ে ওঠে।
মন্তব্য করুন