বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বব্যাপী সব মার্কিন দূতাবাসে নিরাপত্তা পর্যালোচনার নির্দেশ ওয়াশিংটনের

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব দূতাবাস ও কূটনৈতিক দপ্তরকে অবিলম্বে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা বিবেচনায় নিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র দপ্তর থেকে বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কূটনৈতিক দপ্তরগুলোতে পাঠানো তারবার্তার বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

 

 

 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বার্তায় ‘বিশ্বব্যাপী সব পোস্ট’কে জরুরি কার্যক্রম কমিটি (ইমার্জেন্সি অ্যাকশন কমিটিজ—ইএসি) আহ্বান করতে বলা হয়েছে। এসব কমিটি নানা খাতের প্রতিনিধিদের সমন্বয়ে হবে, যারা হুমকি চিহ্নিত এবং সে অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই বার্তায় সই করেছেন।

 

 

 

 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায়। জবাবে ইসরায়েলের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক–বেসামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এই প্রেক্ষাপটে গত সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন কূটনৈতিক পোস্টগুলোতে একই ধরনের বার্তা পাঠিয়েছিল ওয়াশিংটন। তবে এবারের আদেশে প্রথমবারের মতো ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সব কূটনৈতিক মিশনে এই বার্তা পাঠানো হয়েছে।

 

 

এ বিষয়ে ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোনো বক্তব্য দেয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। তারা বলেছে, অভ্যন্তরীণ যোগাযোগের নথি প্রকাশ ‘সংগত নয়’ এবং ইএসি বৈঠকগুলো তাদের ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রস্তুতিমূলক কার্যক্রমের আদর্শ অনুষঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসে হামলা করেছে ইরান। এতে বেশ কয়েকটি মার্কিন কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকটি দেশ থেকে নাগরিকদের চলে যেতে বলা হয়েছে।

 

 

চলতি মাসে ড্রোন হামলায় সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের একাংশ মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। দূতাবাস ভবনের ছাদের বড় অংশ ধসে পড়েছে এবং অন্যান্য জায়গাও ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার হুমকিগুলো মূলত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক হলেও বিশ্বের অন্যান্য জায়গায়ও কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে কানাডার টরন্টোয় মার্কিন কনস্যুলেটের বাইরে গোলাগুলি হয়েছে এবং নরওয়ের রাজধানী অসলোয় মার্কিন দূতাবাসের বাইরে বিস্ফোরণ ঘটেছে।

 

 

 

বিশ্বজুড়ে মার্কিন কূটনৈতিক মিশনগুলোতে পররাষ্ট্র দপ্তরের এই নির্দেশনা সম্ভাব্য হামলাবিষয়ক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কি না, তা স্পষ্ট নয়। তবে পররাষ্ট্র দপ্তরের বার্তাগুলো পর্যালোচনা করে ওয়াশিংটন পোস্ট দেখেছে, মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান ও এর আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলো। গত মঙ্গলবার পাঠানো পররাষ্ট্র দপ্তরের একটি বার্তা অনুযায়ী, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো (বিভিন্ন মিলিশিয়া গ্রুপ) ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে ২৯২টি হামলা চালিয়েছে। ওই অঞ্চলে মার্কিন নাগরিকদের ওপর হুমকি অব্যাহত রয়েছে উল্লেখ করে বার্তায় বলা হয়, কিছু ক্ষেত্রে সশস্ত্র লোকজন বাড়ি বাড়ি গিয়ে মার্কিন নাগরিকদের বিষয়ে তথ্য জানতে চেয়েছে।

 

 

 

আরেকটি ঘটনায় গত সপ্তাহান্তে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের সদস্যদের অবস্থান করা একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যদিও লক্ষ্যভ্রষ্ট করা ওই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড (বিস্ফোরণমুখ) বিস্ফোরিত হয়নি। এতে কেউ হতাহত হয়নি। তবে এ ঘটনা দেখিয়েছে যে সতর্কসংকেত বাজলেই মার্কিন নাগরিকদের আশ্রয়কেন্দ্রে যাওয়াটা গুরুত্বপূর্ণ।

 

 

সূত্র: ওয়াশিংটন পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১০

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১১

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১২

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৩

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৪

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৫

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৬

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৭

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৮

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৯

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

২০