যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। সংস্থাটি জুলাই মাসে ৪৯ হাজার ৫৭১ জনকে গ্রেপ্তার করেছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এক মাসে সর্বোচ্চ।
সরকারি তথ্য অনুযায়ী, জুনের তুলনায় জুলাইয়ে গ্রেপ্তার বেড়েছে প্রায় ১৫ শতাংশ। আর ফেব্রুয়ারির তুলনায় বেড়েছে প্রায় ৭০ শতাংশ। খবর বার্তা সংস্থা আল জাজিরা। ট্রাম্প ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার আগে প্রতি মাসে আইসিই সাধারণত ৮ হাজারের কিছু বেশি মানুষকে গ্রেপ্তার করত। তাদের বড় একটি অংশকে বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যের কারাগার থেকে আইসিইয়ের কাছে হস্তান্তর করা হতো।
ট্রাম্প ক্ষমতায় ফেরার পর আইসিইয়ের অভিযান ধীরে ধীরে বাড়তে থাকে। কর্মকর্তারা এজেন্টদের কোথায় এবং কাদের বিরুদ্ধে অভিযান চালাতে পারবেন, সে বিষয়ে আগের কিছু সীমাবদ্ধতা তুলে দেন। গত বছরের ডিসেম্বরেই মাসিক গ্রেপ্তার ৪০ হাজার ছাড়িয়ে যায়।
জুলাইয়ের টেক্সাস ও ফ্লোরিডায় প্রায় ২০ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার হয়েছে। এই দুই অঙ্গরাজ্য আইসিইর সঙ্গে চুক্তিতে অংশ নিয়েছে। এই চুক্তির মাধ্যমে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিবাসন আইন প্রয়োগে আইসিইর অতিরিক্ত সহায়ক হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হয়। আইসিইর এই অভিযান জোরদারের পেছনে সংস্থাটির নিয়োগ বড় ভূমিকা রেখেছে। গত বছর সংস্থাটি প্রায় ১২ হাজার নতুন কর্মকর্তা ও এজেন্ট নিয়োগ করেছে।
মন্তব্য করুন