সুজলা-সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের মাটির সংস্কৃতি আজো যেন চির স্মরণীয় করতে প্রবাসেও বাংলাদেশীরা সদা তৎপর। এরই অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানের অপূর্ব এক সিটি ‘গার্ডেন ভিলে’র ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুল অডিটরিয়ামে গত শনিবার (৯ মে-২০২৬ইং) আয়োজিত বৈশাখী উৎসবে ব্যাপক আনন্দ-উচ্ছাসে মেতে উঠেছিল শিক্ষার্থী ও অভিভাবকরা।
‘বাংলাদেশী কমিউনিটি অব মিশিগান’ ব্যানারে সংশ্লিষ্ট সিটিস্থ উইলসন এভিনিউ এলাকার ওই স্কুল প্রাঙ্গন ও ক্যাফেটেরিয়া-অডিটরিয়ামে সকাল ৯ টা থেকেই উপস্থিত হতে থাকেন, যেমন খুশী তেমন সাজে বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী সহ তাদের অভিভাবক আর ছোট্ট সোনামনিরা। দুপুর ১২টার মাঝেই শত শত শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণা-কোলাহলে মুখরিত হয়ে উঠে সংশ্লিষ্ট স্কুল প্রাঙ্গন ও অন্যান্য স্থান।
রেজিষ্ট্রেশন সম্পন্নের পরপর মিশিগানের হেমট্রামিক সিটিস্থ ঐতিহ্যবাহী আলাদ্দীন রেষ্টুরেন্ট এন্ড সুইটমিট থেকে আসা গরু-খাসি ভূনা,পোলাও-সাদা ভাত,মোরগের রোস্ট,ইলিশ-রুই মাছ ভূনা,আলু ভর্তা,মাছের ঝুরি সহ নানান ভর্তা এবং সুস্বাদু আরো নানান বাহারী আইটেমের খাবার খেতে ভূড়ি ভোজে বসে যান সকলেই।
এসময় সকলেই আলাদ্দীন রেষ্টুরেন্টেের খাবারের ভূয়শী প্রশংসা করেন। এদিকে ভুড়ি ভোজ সম্পন্নের পরপরই শুরু হয় সংশ্লিষ্ট স্কুল অডিটরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘটে।
এতে ছিল প্রানবন্ত উপস্থাপনায় ফানি নাটিকা, এলো-রে বৈশাখ, ছুটির দিন, বাউল (মনের মানুষ), পর্দার আড়াল ও উড়োধরা প্রেমের মতো দর্শক হৃদয় ছোঁয়া বেশ কয়েকটি পারফর্মেন্স আর শিশুদের একাধিক গান, নৃত্য,ফ্যাশন শো,বাবু রাম সাপুরে খেলা সহ বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শিল্পী ডিনাথ জাহান মুন্নীর কন্ঠে মনমাতানো আরো কিছু জমজমাট গান। বলাবাহুল্য, প্রতি বছর ওই স্কুলে অধ্যায়নরত প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের সমন্বয়ে কমিউনিটির ব্যানারে গড়ে উঠা সংগঠনটি এমন প্রাণবন্ত আয়োজন করে যাচ্ছেন।
মূলত প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের মাঝে স্বদেশের প্রতি মমতা,সংস্কৃতি’র ছোঁয়া এবং সেই সাথে ভিনদেশীওদের কাছেও বাংলাদেশ তথা বাংলা ভাষা, সংস্কৃতি তুলে ধরতেই এমন আয়োজন। এদিকে আয়োজকদের অনেকেই এ প্রতিনিধিকে জানিয়েছেন, আগামী বছর গুলোতেও তাদের একই রকম উদ্দোগ নেয়া অব্যাহত থাকবে।
মন্তব্য করুন